২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ এমএএইচ সেলিমের বিরুদ্ধে চার মামলার অভিযোগপত্র

জেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট) আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিম ও তার ২৩ সহযোগীর বিরুদ্ধে দায়ের করা চারটি চাঁদাবাজি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট) আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিম ও তার ২৩ সহযোগীর বিরুদ্ধে দায়ের করা চারটি চাঁদাবাজি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। সদর থানা পুলিশ গত ১৯ সেপ্টেম্বর তিনটি মামলায় এবং জেলা গোয়েন্দা পুলিশ গত ১৬ সেপ্টেম্বর একটি মামলায় অভিযোগপত্র দাখিল করে। পুলিশ জানায়, মামলা চারটির অভিযোগপত্রভুক্ত আসামি ২৮ জন। এর মধ্যে এমএএইচ সেলিম চারটি মামলার প্রত্যেকটিতে প্রধান অভিযুক্ত। তার শ্যালক ও জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন। বাকি ২২ জন আসামির প্রত্যেককে একটি করে মামলায় অভিযোগপত্রভুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রকৃতপক্ষে মোট আসামির সংখ্যা ২৪ জন। আসামিদের মধ্যে সাবেক সাংসদ সেলিমসহ ১০ জন কারাগারে এবং বাকি ১৪ জন পলাতক রয়েছেন। জরুরি অবস্থা জারির পর বাগেরহাটের তিনটি থানায় সেলিমের বিরুদ্ধে নয়টি এবং ঢাকায় তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমি তিনটি মামলার অভিযোগপত্র দিয়েছি। মামলাগুলো হচ্ছে, বাগেরহাট বাস মালিক সমিতির সদস্য আব্দুল ওয়াদুদের কাছে খুলনা-বাগেরহাট রুটে বাস চালানোর অনুমতি দেওয়ার জন্য দুই লাখ টাকা চাঁদা দাবির মামলা, রাকিবুল হাসান মিলনের কাছ থেকে জোর করে এক একর ১৭ শতক জমি লিখে নেওয়ার মামলা এবং জেলা বিএনপির সহ-সভাপতি দিদারুল আলম বাবুলের কাছ থেকে এলজিইডির প্রায় সাড়ে চার কোটি টাকার ঠিকাদারি কাজে ২৪ লাখ ৮০ হাজার টাকা চাঁদাবাজির মামলা।" বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফাজ্জেল হোসেন জানান, খান জাহান আলীর মাজারের অন্যতম খাদেম শের আলীর দায়ের করা ৩ লাখ টাকা চাঁদাবাজি মামলায় এমএএইচ সেলিমসহ ১৪ আসামির বিরুদ্ধে তিনি ১৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ চার মামলার পলাতক ১৪ আসামি হচ্ছে, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সহ-সাংগঠনিক সম্পাদক, শ্রম বিষয়ক সম্পাদক শেখ শমসের আলী মোহন, বাগেরহাট পৌরসভার ওয়ার্ড কমিশনার মাহাবুবুর রহমান টুটুল, জেলা যুবদল সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, জেলা যুবদল সভাপতি ফকির তরিকুল ইসলামের তিন ভাই যথাক্রমে মহিম ফকির, সাফি ফকির ও তৌহিদ ফকির এবং যুবদল কর্মী লালন ফকির, মোহম্মদ আলী ফকির, মাসুম ফকির, মোস্তফা চৌকিদার, বিকাশ মণ্ডল, সালাম চৌকিদার ও মুসা ফকির। সেলিমসহ গ্রেপ্তারকৃত অপর আসামিরা হচ্ছে, জেলা বিএনপির সহ-সভাপতি আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাজাহান মিনা, সাবেক এমপি সেলিমের ব্যক্তিগত সহকারী হাসিবুর রহমান, বিএনপি নেতা ঠিকাদার রাকিবুল হাসান ওরফে পিস্তল রাকিব, মুরাদ শেখ ও আলম মোল্লা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.