ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিরাজগঞ্জে সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়ার নয়া খাল এলাকায় সোমবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হন।
মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক আহমদ (৪৮) ঘটনাস্থলে এবং ভ্যান যাত্রী রামপ্রসাদকে (৪৫) হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত মো. কাজলকে (৪০) সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি সাতকানিয়া উপজেলার রামপুর গ্রামে।
সাতকানিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে একটি মামলা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, পাবনার সাথিয়া উপজেলার শেলুন্দা এলাকায় সোমবার দুপুরে পাবনাগামী একটি ট্রাকের চাপায় জরিনা বেগম (৪৫) ঘটনাস্থলে নিহত হন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রেজা সাদিক জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
জরিনা বেগমের বাড়ি শেলুন্দা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমএআর/এসএনডি/২২১৩ ঘ.
bdnews24