ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিগত জোট সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী শাজাহান সিরাজ এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ হেলাল, হাজী সেলিম ও কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার রাজধানীর রমনা ও লালবাগ থানায় কমিশনের চার কর্মকর্তা বাদী হয়ে আলাদা চারটি মামলা দায়ের করেন।
রমনা থানায় সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের বিরুদ্ধে মামলাটি করেছেন কমিশনের সহকারী পরিচালক খায়রুল হুদা। এতে তার স্ত্রী রাবেয়া সিরাজকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, শাজাহান সিরাজ তার জ্ঞাত আয়ের বাইরে ৬৮ লাখ ৫০ হাজার ৬০২ টাকার সম্পদের মালিক হয়েছেন। এরমধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৯৬ টাকার সম্পদের তথ্য কমিশনে জমা দেওয়া বিবরণীতে গোপন করেছেন তিনি।
অন্যদিকে রাবেয়া সিরাজেরও জ্ঞাত আয়ের বাইরে ১২ লাখ ৭৮ হাজার ৯৯২ টাকার সম্পদ রয়েছে। এরমধ্যে তিনি ৬৫ হাজার ৯৯২ টাকার ব্যাংক স্থিতির তথ্য গোপন করেছেন।
শাজাহান সিরাজ বর্তমানে কারাগারে রয়েছেন।
লালবাগ থানায় হাজী সেলিমের বিরুদ্ধে মামলাটি করেছেন কমিশনের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম। থানার সহকারী উপ-পরিদর্শক ওহিদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকেও আসামি করা হয়েছে।
এজাহারে তাদের বিরুদ্ধে মোট ১৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৫০৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে আট কোটি ৭০ লাখ ৯ হাজার ৭৫৮ টাকার সম্পদের তথ্য কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে গোপন করেছেন তারা।
দেশে জরুরি অবস্থা জারির পর থেকে হাজী সেলিম পলাতক রয়েছেন।
কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা হয়েছে রমনা থানায়। থানার সহকারী উপ-পরিদর্শক ফরিদা খানম জানান, কমিশনের উপ-পরিচালক মোরশেদ আলম এ মামলায় কামাল মজুমদারের স্ত্রী সাহিদা কামালের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন।
এজাহারে বলা হয়েছে, কামাল মজুমদার ও তার স্ত্রী জানা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ২৩ হাজার ৩০৫ টাকার সম্পদের মালিক হয়েছেন এবং এরমধ্যে সাত কোটি ১৯ লাখ ৫১ হাজার ৫৪৭ টাকার সম্পদের তথ্য সম্পদের বিবরণীতে গোপন করেছেন তারা।
কামাল মজুমদার বর্তমানে কারাগারে রয়েছেন।
রমনা থানায় আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন কমিশনের উপ-পরিচালক মঞ্জুর আহম্মেদ। এতে তার স্ত্রী রূপা চৌধুরীকেও আসামি করা হয়েছে।
এজাহারে হেলালের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজের ও স্ত্রীর নামে ৭ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও বাগেরহাটের সাবেক সাংসদ শেখ হেলাল জরুরি অবস্থা জারির পর থেকে আত্মগোপনে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এএনএস/এলএইচ/এমএইচবি/১৯৩৪ ঘ.
bdnews24