২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি মামলার ছয় আসামি কারাগারে

খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার ছয় আসামিকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 05:25 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার ছয় আসামিকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, সাবেক প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা আহম্মেদ আবুল কাশেম, সাবেক সদস্য লুৎফুল কবীর, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ। রোববার দুপুরের পর ছয় জনকেই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মোহাম্মদ মিজানুর রহমান চার বন্দর কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যার দিকে মহানগর হাকিম এজেএম আব্দুল্লাহ-হেল বাকী গ্যাটকোর দুই পরিচালককে কারগারে পাঠানোর আদেশ দেন। শনিবার তাদের গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন। আদালতে বন্দর কর্মকর্তাদের আইনজীবী মনসুরুল হাই সোহন ও শাহাদত হোসেন বাচ্চু কারাগারে তাদের প্রথম শ্রেণীর মর্যাদা ও সুচিকিৎসার আবেদন করেন। বিচারক এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তানভীর আহম্মেদ ও গালিব আহম্মেদকে বেলা ৩টা ৩৮ মিনিটে মহানগর হাকিম এজেএম আব্দুল্লাহ-হেল বাকীর খাস কামরায় ঢোকাতে দেখা যায়। তাদের আইনজীবী আমিনুল ইসলাম আদালতে বলেন, "এ মামলার সহ-আসামিদের জড়ানোর জন্য অসুস্থ অবস্থায় তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ানো হয়েছে। আসামি দুজন হবিগঞ্জের ঐতিহ্যবাহী সম্পদশালী পরিবারের সদস্য। সৈয়দ গালিব আহম্মেদ পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। তিনি কাঠগাড়ায় দাড়ানো গালিবকে দেখিয়ে বিচারকের উদ্দেশে বলেন, "আপনার সঙ্গে কথা বলার সময়ও তার কথা জড়িয়ে যাচ্ছিল। গালিব এর আগে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তাকে বিভিন্ন ওষুধ দিয়েছেন। এখন তিনি বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।" আমিনুল ইসলাম আরও বলেন, "গালিব আহম্মেদের ভাই সৈয়দ তানভীর আহম্মেদও গত ফেব্র"য়ারি মাসে চেয়ার থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তিনি মানসিকভাবেও ততটা সুস্থ নন। গ্রেপ্তারের আগে অ্যাপেলো হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্য কোনো বড় হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার আদেশ দেওয়া হোক।" আইনজীবী কারাগারে তাদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ারও আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় হাকিমকে এজলাসেই সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছে কি না। আদালত জবাবে বলেন, "তারা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর বেশি কিছু বলা যাবে না।" ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্যাটকোকে দেওয়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। গত ১৭ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়। খালেদা জিয়া ও কোকোসহ মোট ১৩ জনকে এ মামলার আসামি করা হয়। এর মধ্যে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। খালেদা জিয়া ও কোকোকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পাঁচ আসামি হলেন, চবকের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী, সাবেক নৌ পরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক একেএম মুসা কাজল ও এহসান ইউসুফ। মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) ঠিকাদার নিয়োগের জন্য ২০০৩ সালের ১ মার্চ দরপত্র ডাকা হয়। কিন্তু অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ঠিকাদারের অভিজ্ঞতাসহ দরপত্রের অন্যান্য শর্ত পূরণ না করেই গ্যাটকোকে কাজ পাইয়ে দেন। এ দুর্নীতির ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এমআই/এসএনডি/২৩০০ ঘ.