ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ওরিয়েন্টাল ব্যাংকের ৪০০ কোটি টাকার শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠান। রোববার ছিল এ ব্যাপারে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মোট ছয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদনপত্র পেয়েছি। এগুলো যাচাই-বাছাইয়ের পর ব্যাংকটির সিংহভাগ শেয়ারের জন্য তারা কত দিতে চায় তা জানতে চাইবো আমরা।"
তিনি জানান, যেসব প্রতিষ্ঠান ওরিয়েন্টাল ব্যাংকের শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে তিনটি স্থানীয় ও তিনটি বিদেশি।
স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন ও ডোমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম। বিদেশি ক্রেতারা হলো সুইজারল্যান্ডের আইসিবি ফাইন্যান্সিয়াল গ্র"প হোল্ডিংস, শ্রীলংকার হটন ন্যাশনাল ব্যাংক ও যুক্তরাজ্যের ইস্ট ইনভেস্ট প্রাইভেট ইক্যুইটি লিমিটেড।
এর আগে বাংলাদেশ ব্যাংক এক ঘোষণায় ওরিয়েন্টাল ব্যাংকের ৪০০ কোটি টাকার শেয়ার কিনতে আগ্রহীদের ২৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলে।
আর্থিক দৈন্যদশা কাটিয়ে ওরিয়েন্টাল ব্যাংক আবার চালু করার পরিকল্পনা থেকে বাংলাদেশ ব্যাংক এই দরপত্র ডাকে। ৫৯৬ কোটি টাকার অনিয়মের কারণে ব্যাংকটির কার্যক্রম আংশিক বন্ধ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের দরপত্র অনুযায়ী, নতুন বিনিয়োগকারীরা ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের অধিকার পাবে। ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়িয়ে ৭০০ কোটি টাকা করা হবে, যার মধ্যে ৪০০ কোটি টাকা আসবে বিনিয়োগকারীদের কাছ থেকে। বাকি ৩০০ কোটি টাকার যোগান দেবে আমানতকারীরা।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ৩০টি শাখা মিলিয়ে ওরিয়েন্টাল ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ২ হাজার ২০৫ কোটি টাকা এবং মোট আমানতের পরিমাণ ২ হাজার ৩০৮ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, "আগামী জানুয়ারির আগেই এ ব্যাপারে সব আনুষ্ঠানিকতা শেষ করতে পারবো বলে আশা করছি আমরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/এমএ/১৯৪৫ ঘ.
bdnews24