নরসিংদী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্থায়ী শ্রমিক নিয়োগের নোটিশ টানানোকে কেন্দ্র করে নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রোববার দুপুরে মিলের মহাব্যবস্থাপক দুলাল কৃষ্ণ রায়কে লাঞ্ছিত করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
মিলের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মহরম আলী সাংবাদিকদের জানান, বিজেএমসির নির্দেশে মিল কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগের জন্য সকালে নোটিশ টানায়। এর পরপরই শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পাটকলের প্রায় দুই হাজার বদলি শ্রমিক মহাব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে।
এক পর্যায়ে দুলাল কৃষ্ণ রায় গেস্ট হাউজ থেকে নিজ কর্মস্থলে যাওয়ার পথে শ্রমিকরা তাকে আটকে রাখে বলে মহরম আলী জানান। পরে তিনি মিলের নিরাপত্তারক্ষীদের সহায়তায় পুনরায় গেস্ট হাউসে ঢুকে পড়েন।
ওই সময় শ্রমিকরা দুলাল কৃষ্ণকে লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
পরে শ্রমিকরা মিলের সিবিএ সাধারণ সম্পাদক অলি ভূঁইয়ার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সিবিএ সভাপতি আনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ করে অস্থায়ী শ্রমিক নিয়োগের নোটিশে পাটকলের বদলি শ্রমিকদের মধ্যে ছাঁটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের ধারণা হয়, আগের অস্থায়ী বা বদলি শ্রমিকদের হয়তো ছাঁটাই করে দেওয়া হবে।"
শ্রমিক নেতা আনোয়ার আরও বলেন, "শ্রমিকদের নয় সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। তাতে সে টাকা না পাওয়ার আশঙ্কা তাদের ক্ষুব্ধ করে তোলে। পরে অবশ্য তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।"
খবর পেয়ে জেলা প্রশাসক মো. জিল্লার রহমান, সেনা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. শাহাবদ্দীন খাঁন ঘটনাস্থলে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24