ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার চারজন আসামিকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত।
কারাগারে যাওয়া আসামীরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান এএসএম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এএম সানোয়ার হোসেন, সাবেক প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা আহম্মেদ আবুল কাশেম এবং সাবেক সদস্য লুৎফুল কবীর।
চবকের এ চার কর্মকর্তাসহ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদকে গ্রেপ্তারের পর শনিবার তেজগাঁও থানায় হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন।
রোববার দুপুরের পর ছয় জনকেই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ মিজানুর রহমান চার বন্দর কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে বন্দর কর্মকর্তাদের আইনজীবী মনসুরুল হাই সোহন ও শাহাদত হোসেন বাচ্চু কারাগারে তাদের প্রথম শ্রেণীর মর্যাদা ও সুচিকিৎসার আবেদন করেন। বিচারক এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এদিকে গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভীর আহম্মেদ ও সৈয়দ গালিব আহম্মেদের আইনজীবী আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬৪ ধারায় তার দুই মক্কেলের জবানবন্দি নেওয়া হবে বলে তিনি জেনেছেন।
তানভীর আহম্মেদ ও গালিব আহম্মেদকে বেলা ৩টা ৩৮ মিনিটে মহানগর হাকিম এজেএম আব্দুল্লাহ-হেল বাকীর খাস কামরায় ঢোকাতে দেখা যায়।
তবে তাদের আইনজীবীরা জানিয়েছেন, এখনো তারা তাদের মক্কেলদের সঙ্গে দেখা করতে পারেননি।
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্যাটকোকে দেওয়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলাটি গত ১৭ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়।
খালেদা জিয়া ও কোকোসহ মোট ১৩ জনকে এ মামলার আসামি করা হয়। এর মধ্যে আট জন গ্রেপ্তার হলেন। খালেদা জিয়া ও কোকোকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।
মামলার অপর পাঁচ আসামি হলেন, চবকের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী, সাবেক নৌ পরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক একেএম মুসা কাজল ও এহসান ইউসুফ।
মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) ঠিকাদার নিয়োগের জন্য ২০০৩ সালের ১ মার্চ দরপত্র ডাকা হয়। কিন্তু অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ঠিকাদারের অভিজ্ঞতাসহ দরপত্রের অন্যান্য শর্ত পূরণ না করেই গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে কাজ পাইয়ে দেন।
এ দুর্নীতির ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এমআই/এসকে/১৬৪৩ঘ.
bdnews24