ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিুচাপটি রোববার ভোরে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমশ দুর্বল হয়ে পড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ফলে সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
এদিকে নিুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়ো হাওয়া বইছে। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। উত্তাল সাগরে নিখোঁজ ট্রলারের বেশ কয়েকটি রোববার ভোরে ফিরে এলেও এখনও প্রায় এক হাজার জেলে নিখোঁজ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গভীর নিম্নচাপটি রোববার ভোরে উড়িষ্যা উপকূল অতিক্রম করে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে স্থলভাগের আরও ভেতরের দিকে সরে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দর সমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের ব্রডকাস্টিং অফিসার মেঘনাথ তনচংগ্যা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের ভারসাম্যের আধিক্য বিরাজ করায় চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে।
আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, দ্বিতীয় দিনের মত পটুয়াখালীতে অভ্যন্তরীণ রুটে সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তিন ফুট জোয়ারে প্লাবিত হয়েছে শহরের প্রধান সড়ক সহ আবাসিক এলাকা, চকবাজার, পুরান বাজার, নবাব পাড়া সদর রোড, এসডিও রোড, আদালত পাড়া, মুন্সেফপাড়া এলাকা।
কুয়াকাটা ও মহিপুর ফেরির পন্টুন ডুবে পটুয়াখালী-কুয়াকাটা রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।
মহিপুর থেকে মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে বঙ্গোসাগরের নিখোঁজ ট্রলারের ১০টি ফিরে এসেছে। এখনো ২২ জেলে সহ দুটি ট্রলার নিখোঁজ রয়েছে।
বরগুনা প্রতিনিধি জানান, শনিবার ডুবে যাওয়া পাঁচটি ট্রলারের ৬২ জন জেলের মধ্যে রাতেই ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এফবি আলাউদ্দিন হাফিজ নামে ট্রলারের ১৫ জেলে এখনও নিখোঁজ রয়েছে।
কোস্টগার্ডের পশ্চিমঞ্চলীয় জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এখনও শতাধিক ট্রলার নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।
এদিকে নিখোঁজ জেলেদের স্বজনরা খবরাখবরের আশায় পাথরঘাটা কন্ট্রোল রুমে এসে ভিড় জমাচ্ছেন।
কক্সবাজার প্রতিনিধি জানান, উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে ডুবে যাওয়া পাঁচটি ট্রলারের মাঝি-মাল্লারা নিরাপদে উপকূলে ফিরে এসেছে।
বিভিন্ন ট্রলারের সহায়তায় তারা কূলে ফিরে আসেন বলে কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি কবির আহমদ চেয়ারম্যান জানান। তবে ৩০টি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে বলে জানান কক্সবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও বোট মালিক নুরুল ইসলাম নুরু। এ ট্রলারগুলোতে তিনশর মতো জেলে রয়েছে।
ট্রলার মালিক আবদুল হক কোম্পানী, হাফেজ আবুল কালাম ও টেকনাফের মো. হাশিম জানান, যে সব ট্রলার নিখোঁজ রয়েছে, তার অধিকাংশই হয়তো বিভিন্ন উপকূল বা দ্বীপে আশ্রয় নিয়েছে। তবে ট্রলার মালিকদের সঙ্গে তাদের যোগাযোগ হয়নি এখনো।
নিুচাপের প্রভাবে কক্সবাজার ও আশেপাশের এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে।
ভোলা প্রতিনিধি জানান, ওই এলাকার ৫২টি মাছ ধরা ট্রলার এখনও নিখোঁজ রয়েছে।
দৌলতখানের ট্রলার মালিক ছিদ্দিক মাঝি ও কামাল কোম্পানি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এসব ট্রলারের ৬০০ জেলের কোনও খবর পাওয়া যায়নি।
জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/আরএ/এমআই/১৩০৪ ঘ.
bdnews24