খুলনা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আর্থিক সঙ্কট ও অব্যাহত লোকসানের কারণ দেখিয়ে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল আলীম জুট মিল শনিবার থেকে এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মিলের প্রকল্প প্রধান মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে মিলটি এক মাসের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই এক মাসে শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
শনিবার সকালে কাজ করতে গিয়ে শ্রমিকরা প্রধান ফটকে মিল বন্ধের নোটিশ দেখতে পায়। আকস্মিক এ ঘটনায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মিলের মোটা তাঁত বিভাগের আব্দুর রহমান, শুকুর আলী মৃধা, হেসিয়ান বিভাগের আজম আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্যই হয়ত জুট মিলটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
জুট মিলটিতে কর্মরত শ্রমিকদের ৩২ সপ্তাহের মজুরি বাবদ দুই কোটি ৮৯ লাখ টাকা এবং কর্মচারীদের নয় মাসের বেতন বাবদ প্রায় এক কোটি টাকা পাওনা রয়েছে।
এছাড়া, ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত ছাঁটাই হওয়া ১০৯ জন শ্রমিকের পাওনাসহ অবসর, গোল্ডেন হ্যান্ডশেক, গ্রাচুইটি, পিএফ, এরিয়ার বিল ও মৃত্যুজনিত পাওনার প্রায় ৯ কোটি টাকাও শোধ করেনি কর্তৃপক্ষ।
মিলের প্রকল্প প্রধান মনোয়ার হোসেন জানান, বিজেএমসির কাছ থেকে টাকা পেলেই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তবে ঈদ বা পূজার আগে এ টাকা পাওয়া যাবে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
খুলনার আটরা শিল্প এলাকার আলীম জুট মিলে বেশ কিছুদিন ধরেই অচলাবস্থা চলছিল। পাট কেনার জন্য চলতি বছর বিজেএমসি দুই দফায় মিলটিকে কোনো অর্থ বরাদ্দ দেয়নি।
সেখানে এখন ৮১১ জন স্থায়ী ও ১১৬ জন অস্থায়ী শ্রমিক ও কর্মচারী কর্মকর্তা আছেন।
গত সপ্তাহে বিজেএমসি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম খুলনা এসে জানান, অব্যাহত লোকসানের কারণে আলীম জুটমিলকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে বিজেএমসি। শিগগিরই এজন্য দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে খুলনার পিপলস জুটমিল প্রথমে সাময়িক বন্ধ (লে-অফ) করেছিল কর্তৃপক্ষ। পরে সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কর্মচ্যুত হয় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক ও কর্মচারী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১৫০ ঘ.
bdnews24