ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে খোদ স্থানীয় সরকার মন্ত্রণালয়কেই বড় বাধা মনে করছেন সাবেক সাংসদরা।
শনিবার রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় রাখলে ও নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের ক্ষমতা সরকারের হাতে থাকলে কখনোই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যাবে না। এজন্য ওই মন্ত্রণালয় বিলুপ্ত করার পাশাপাশি আইনেও সংশোধনী আনতে হবে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোর আর্থিক দিকগুলো দেখতে সাংসদদের তত্ত্বাবধানে একটি কমিশন করতে হবে।
'স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ কমিটি' এই মতবিনিময় সভা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সাবেক সচিব ড. এ এম এম শওকত আলী।
'স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ' শীর্ষক সভায় সাবেক সাংসদদের কাছ থেকে মৌখিক ও লিখিত প্রস্তাব গ্রহণ করা হয়।
আলোচনায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে এখন তিন স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা প্রয়োজন। এগুলো হচ্ছে- জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ। প্রতিটি পর্যায়ে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা থাকতে হবে। তা না হলে এসব প্রতিষ্ঠানকে কার্যকর করা যাবে না।
তিনি বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থায় যতই পরিবর্তন আসুক না কেন, মন্ত্রণালয় থাকলে তাতে কোনো সুফল আসবে না। তাই এ মন্ত্রণালয়কে বিলুপ্ত করতে হবে। এর জন্য সংসদ কেন্দ্রিক একটি কমিশন করতে হবে। একইসঙ্গে পুলিশ বাহিনীতে সংস্কার আনতে হবে। কেন্দ্রীয় পর্যায়ে পুলিশের পরিবর্তে জেলা বা বিভাগীয় পুলিশ গঠন করা যেতে পারে।"
সাবেক এই অর্থমন্ত্রী উপজেলা পরিষদকে নিজস্ব ও ইউনিয়ন পরিষদের জন্য বাজেট প্রণয়নের ক্ষমতা দেওয়ার সুপারিশ করেন। তিনি বলেন, "ইউনিয়ন পরিষদগুলোকে আরও বেশি বিচারিক ক্ষমতা দিতে হবে। যাতে করে ছোট-খাটো সমস্যাগুলো তারা নিজেরাই বিচারের মাধ্যমে সমাধান করতে পারে।"
জাসদের সভাপতি হাসানুল হক ইনুও তিন স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দেন। তিনি বলেন, "এতে প্রশাসনিক কোনো জটিলতার হওয়ার সম্ভাবনা নেই। তবে এর আগে নির্বাহী আদেশে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের বিধান বাতিল করতে হবে।"
তিনি আরও বলেন, "১৯৮৩ সালের সংশোধিত আইনে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের ক্ষমতা সরকারের হাতে দিয়ে সংবিধানের চেতনা খর্ব করা হয়েছে। এ কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয় বিলুপ্ত না করা হলে তাই স্থানীয় সরকার বিভাগকে স্বাধীন, শক্তিশালী ও গতিশীল করা যাবে না।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, তিনস্তরের স্থানীয় সরকার কাঠামোয় শুধু ইউনিয়ন পরিষদে সরাসরি নির্বাচন হবে। জেলা ও উপজেলা পরিষদে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাই প্রতিনিধি নির্বাচন করবে। ফলে পরের দুটি স্তরের প্রতিনিধিদের আর প্রতিদ্বন্দ্বী ভাববে না সাংসদরা।
জাতীয় পার্টির নেতা জিএম কাদের কেন্দ্রীয়ভাবে প্রণীত উন্নয়ন বাজেটের একটি অংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ দেওয়ার সুপরিশ করেন। এছাড়া, নিজস্ব কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হাতে স্থানীয় পর্যায়ের আয়ের বিভিন্ন উৎস ছেড়ে দেওয়ারও প্রস্তাব করেন তিনি।
ময়মনসিংহের আওয়ামী লীগের সাবেক সাংসদ প্রমোদ মানকিন বলেন, সাংসদরাও জনগণের কাছে কাজের প্রতিশ্র"তি দিয়ে নির্বাচিত হন বলে স্থানীয় সরকার কার্যক্রম থেকে তাদের বিরত রাখা যাবে না। এজন্য সরকার প্রতিবেশী দেশের মতো সাংসদদের জন্য বার্ষিক থোক বরাদ্দ দিতে পারে। এতে করে তাদের আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ওপর হস্তক্ষেপ করতে হবে না।
বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) সংরক্ষিত মহিলা আসন বাতিলের দাবি করে বলেন, দেশে আমরা যখন নারীর ক্ষমতায়নের কথা বলছি, তখন সংরক্ষিত মহিলা আসন রেখে আমরা এ পথ রুদ্ধ করছি। এ প্রথা বাতিল হলে সরাসরি নির্বাচনে আরও নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের অ্যাডভোকেট রহমত আলী, সাবেক হুইপ আবদুস শহীদ, আ খ ম জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান নূর, ফারুক খান, হামিদা বানু শোভা, সাবেক অর্থ প্রতিমন্ত্রী বিএনপির এস এম আবুল হোসাইন, মাহমুদুল হাসান, আলী নেওয়াজ খৈয়াম, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ওয়ার্কার্স পার্টির হায়দার আকবর খান রনো, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৮১৬ ঘ.
bdnews24