২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারি ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ইফতারিভাতা বৃদ্ধি ও ঈদ বোনাসের দাবিতে তেজগাঁ শিল্প এলাকায় শনিবার সকালে বিক্ষোভ ও ভাঙচুর করেছে সহস্রাধিক পোশাক শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পোশাক কারখানাতেও ভাঙচুর চালায়। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে সেনা, র‌্যাব ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তেজগাঁ-মহাখালী সড়কে অন্তত দু' ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 09:03 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইফতারিভাতা বৃদ্ধি ও ঈদ বোনাসের দাবিতে তেজগাঁ শিল্প এলাকায় শনিবার সকালে বিক্ষোভ ও ভাঙচুর করেছে সহস্রাধিক পোশাক শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পোশাক কারখানাতেও ভাঙচুর চালায়। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে সেনা, র‌্যাব ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তেজগাঁ-মহাখালী সড়কে অন্তত দু' ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তেজগাঁ-বেগুনবাড়ি এলাকায় নাসা গ্র"পের চারটি তৈরি পোশাক কারখানার শ্রমকিরা গত দুদিন ধরে ইফতারি ভাতা বৃদ্ধি ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি চালিয়ে আসছিল। ফলে সেখানে আগে থেকেই পুলিশ ছিলো। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, শনিবার সকালে বেগুনবাড়িতে কারখানায় গিয়ে তারা জানতে পারেন, ওই এলাকায় নাসা গ্র"পের চারটি পোশাক কারখানাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে মিছিল করে মহাখালীতে নাসা গ্র"পের প্রধান কার্যালয়ের দিকে এগুতে শুরু করে। এসময় পাশের পদ্ম পলিকটন মিলসহ কয়েকটি মিলের শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। মিছিলটি নাবিস্কো এলাকায় পৌঁছালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা এ সময় ওই এলাকায় শেফাল গ্র"পের একটি কারখানার কাঁচ ভাঙচুর করলে ওই কারখানার শ্রমিকদের সঙ্গেও তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীরা একটি বাসে আগুন দেয় এবং তেজগাঁ শিল্প এলাকার বিভিন্ন রাস্তায় বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। শ্রমিকরা নাবিস্কো এলাকা থেকে আরও এগুতে চাইলে ওয়ারলেস গেট এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের আবার সংঘর্ষ বাধে। থেমে থেমে সকাল সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে শ্রমিকরা পিছু হটতে শুরু করে। পুলিশ তাদের ধাওয়া করে নাসার কারখানার সামনে এনে জড়ো করে। এসময় পুলিশের সঙ্গে র‌্যাব ও সেনাসদস্যরাও যোগ দেন। সংঘর্ষে অন্তত ১৫ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে চারজন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরা হলো নাসা গার্মেন্টস এর শ্রমিক নজরুল ইসলাম (২০), পদ্মা পলিকটোন এর শ্রমিক মনোতষ চক্রবর্তী (২৩), রফিকুল ইসলাম (২২) ও স্টার সোয়েটারের শ্রমিক জুয়েল (২২)। সংঘর্ষের সময় ইটের আঘাতে একজন সেনা কর্মকর্তাও আহত হন। সংঘর্ষের সময় পুলিশ শাহীন, সালাম ও আলমগীর নামের তিনজনকে আটক করে। তেজগাঁ জোনের উপ-কমিশনার মাহাবুব রহমান বলেন, "তিনজনকে লাঠিসোটাসহ ভাঙচুরের সময় আটক করা হয়েছে। তাদের তেজগাঁ থানায় রাখা হয়েছে।" অবশ্য তারা সবাই পোশাক কারখানার শ্রমিক কি না তা নিশ্চিত করতে পারেননি তিনি। তিনি বলেন, "সকাল সাড়ে ৮টার পর শ্রমিকরা রাজপথে নামে। এসময় কিছু শ্রমিক ওয়ারলেস গেটে শেফাল গার্মেন্টসএ ভাঙচুর চালায়। শ্রমিকদের গতিবিধি বুঝে পুলিশ যথেষ্ট ধৈর্য্যরে সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। কোনও টিয়ারগ্যাস বা রাবার বুলেট ছোঁড়া হয়নি। তারা ভাঙচুর শুরু করার পর পুলিশ রাস্তার গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই থেকে আড়াই ঘণ্টার মতো তেজগাঁ সড়কে যান চলাচল বন্ধ ছিল।" উপ-কমিশনার আরো বলেন, "শুক্রবার রাত ১০টার পর নাসা কর্তৃপক্ষ পুলিশকে একটি চিঠি দিয়ে নিরাপত্তা চায়। তাদের কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়টিও ওই চিঠিতে জানানো হয়। পরে আমরা প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম স্বপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাইনি।" শনিবার সকালে বেগুনবাড়িতে নাসা গ্র"পের ভবনের প্রধান ফটকে কারখানা বন্ধের যে নোটিশ দেওয়া হয় তাতে বলা হয়েছে- নাসা নিট ওয়্যার লিমিটেড, নাসা অ্যাপারেল লিমিটেড (২), স্টারলাইট নিট ওয়্যার লিমিটেড (২), ওয়েস্টার্ন ড্রেস লিমিটেড (২) কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবির কথা বলে গত বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন করছে। এটি ২০০৬ সালের শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মালিকপক্ষ বার বার তাগাদা দিলেও শ্রমিকরা কাজে যোগ দেয়নি। এ অবস্থায় অনির্দিষ্ট সময়ের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। নাসা গ্র"পের ক্ষুব্ধ শ্রমিক মোহাম্মাদ মেহেদী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পাশের কারখানা পদ্মা পলিকটনের শ্রমিকরা ইফতারির জন্য ২৫ টাকা করে ভাতা পায়। আর আমরা পাই মাত্র পাঁচ টাকা। এই পাঁচ টাকায় কি ইফতারি হয়?" ওয়েস্টার্ন ড্রেস এর শ্রমিক সাবিনা বেগম বলেন, "নাসার মালিকরা আমাদের ওপর নির্যাতন চালায়। ওভার টাইম ছাড়াই তারা রাত ১২টা পর্যন্ত কাজ করায়। আর সারারাত কাজ করলে ওভার টাইম দেয় মাত্র ৩৫ টাকা। লোড শেডিং এর সময় কাজ বন্ধ থাকে বলে ওই সময়টুকুর মজুরি কেটে রাখে।" নাসার অপারেটর মোতাহার জানান, তার বেতন মাত্র দুই হাজার ৪০০ টাকা। গত ঈদে তিনি বোনাস হিসেবে পেয়েছেন একটি লুঙ্গি। নাসা অ্যাপারেলস এর শ্রমিক সুবর্না ও ফাতেমা বলেন, "আমাদের ৫টাকা করে ইফতারিভাতা দেওয়া হয়। ইফতারি ভাতা বাড়ানো ও বোনাসের দাবিতে আমরা বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ করে দিই। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নজরুল ইসলাম স্বপন স্যার আসেন। আমরা তার কাছে ৬ দফা দাবিনামা জমা দেই। এই দাবির মধ্যে ছিল মূল বেতনের শতকরা ৮৫ ভাগ ঈদবোনাস, হাজিরা বোনাস ৩০০ টাকা, ইফতারি ভাতা ২৫ টাকা, টিফিন বিল ১৫ টাকা করতে হবে, বছর শেষে অর্জিত ছুটির জন্য টাকা দিতে হবে এবং নির্যাতন ও ছাঁটাই বন্ধ করতে হবে। কিন্তু স্বপন আমাদের বলেন, ইফতারিভাতা, বোনাসসহ কোনও দাবি তিনি পূরণ করতে পারবেন না। দরকার হলে তিনি কারখানা বন্ধ করে দেবেন। তার আরও কারখানা আছে। একটা বন্ধ হলে কোনও সমস্যা হবে না। এরপর শুক্রবারও আমরা কর্মবিরতি পালন করি। শনিবার সকালে এসে দেখি কারখানা বন্ধ। শুক্রবার রাতেই সব মেশিন সরিয়ে ফেলা হয়েছে।" শ্রমিকরা অভিযোগ করেন, গার্মেন্টস এর পরিচালক তসলিম তাদের অনেককে মারধর করেছেন। তারপর সাদা কাগজে সই নিয়ে ইমার্জেন্সি গেট দিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে। শ্রমিক ফাতেমা অভিযোগ করেন, "গত বছরের ডিসেম্বরে আমাদের বেতন বাড়ানো হয়েছে এমন কথা লিখে কাগজে আমাদের সই নিছে। যারা সই দিতে চায়নি তাদের খারাপ গালিগালাজ দিছে। বলছে, সবাই দিছে তোর সই দিতে কী সমস্যা। এরপর সেই বেতন বাড়ানো হইছে মার্চ মাসে।" বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক আনিসুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মনে করি, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক এই কাজ করেছে। কতিপয় শ্রমিক নেতার উস্কানিতে তারা এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" যে কারখানাগুলোতে ভাঙচুর হয়েছে, তারা নিয়মিত বেতন-ভাতা দেন বলে দাবি করেন আনিসুল হক। তিনি আরো বলেন, "এই ঘটনা রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। ক্রেতারা আমাদের প্রতি বিরূপ হবেন।" বর্তমানে বিদেশে অবস্থানরত বিজিএমইএর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তেজগাঁ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জরুরি বৈঠক শেষে শনিবার বিকালে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএ/১৮০৫ ঘ.