নরসিংদী, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চরাঞ্চলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার ভোরে হাইনে ইউনিয়নের নেকজানপুর গ্রামে ওই সংঘর্ষ হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
তিনি জানান, গ্রামের বাচ্চু মেম্বারের ভাই কাশেম আলীর বাছুর কিছুদিন আগে মঞ্জু মিয়ার রান্নাঘরে ঢুকে চুলা ভেঙ্গে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। ওই ঘটনার জের ধরে শনিবার ভোরে কাশেম মিয়ার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। ওই সময় কাশেম মিয়ার চিৎকারে তার পক্ষের লোকজন ছুটে এলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে ২০ জন আহত হয়।
সংঘর্ষে আহত কাশেম আলী (৫০), জজ মিয়া (৪৭), বাচ্চু মিয়া (৬০), শিরণ মিয়া (৪৫), মহসিন মিয়া (৪৬), আমেনা বেগম (৮) ও সুমি (৭) কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত ইব্রাহিম (৩০) নামে এক যুবককে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের ঘটনায় দুপুর পর্যন্ত কোনও মামলা হয়নি বলে ওসি আলম জানান। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৭ ঘ.
bdnews24