সিলেট, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে শুক্রবার দুই গ্রামের লোকজনের সংঘর্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জের স্থানীয় সাংবাদিক সেজুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের বরকতনগর গ্রামের ইকবাল হোসেন ও গোজাউরা গ্রামের আলতাফ হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুপক্ষের ২১ জন আহত হন।
এরা হলেন, ফাতেমা বেগম (৪২), জমির আলী (৫০), আবদুর রউফ (৪০), আমির আলী (৪৫), আকবর আলী (৪২), মখলিছ আলী (৪৫), জাকির হোসেন (১৫), তারা মিয়া (৩৯), ফরিদ মিয়া (৩০), রিয়াছত আলী (৪২), বকুল মিয়া (১৫), তারেক (১২), নূর মিয়া (৩০)।
আহতদের স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ফাতেমা বেগম ও জমির আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে দুপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২২৩ ঘ.
bdnews24