ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস' প্রথম আলোর কার্টুন প্রদায়ক আরিফুর রহমানের মুক্তি দাবি করেছে।
গত ১৯ সেপ্টেম্বর তারিখে ইস্যু করা সংস্থাটির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, "কার্টুনটিতে মহানবীকে আক্রমণ করে কোনো কিছু বলার উদ্দেশ্য ছিল না। এটা বিভিন্ন মানুষের চলাফেরার ধরন নিয়ে এক ধরনের কৌতুক। ঘটনাটি নিয়ে রাজনীতি করা এবং মৌলবাদীদের চাপে সরকারের কোনো কিছু করা ঠিক হবে না। আরিফুর রহমানকে বলির পাঠা বানানো উচিত হবে না। তাকে মুক্তি দেওয়া উচিত।"
গত সোমবার প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনে 'নাম' শীর্ষক একটি কার্টুন প্রকাশের পর মঙ্গলবার আরিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এরপর প্রথম আলো সম্পাদক প্রকাশ্যে ইসলামী নেতাদের কাছে এবং তার পত্রিকার প্রথম পাতায় টানা তিনদিন কার্টুন প্রকাশের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকার জানায়, কার্টুনটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
গত বৃহস্পতিবার ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত আলপিন প্রকাশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে এবং আলপিন প্রকাশনা কেন বন্ধ করা হবে না সেজন্য প্রথম আলোর প্রকাশক মাহফুজ আনামকে কারণ দর্শাও নোটিশ প্রদান করে।
বৃহস্পতিবার চট্টগ্রাম ও কুমিল্লায় প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও কার্টুন প্রদায়ক আরিফুর রহমানের বিরুদ্ধে এবং ঢাকায় শুধু আরিফুর রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।
ইসলামী সংগঠনগুলো জরুরি অবস্থার লঙ্ঘন করে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয় ঘেরাও করার জন্য মিছিল বের করে।
তারা 'প্রথম আলোকে ইহুদি নাসারাদের বন্ধু' ব্যানার ও স্লোগান দিয়ে প্রথম আলোর প্রকাশনা বন্ধের দাবি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/জিএনএ/১৯৩০ ঘ.
bdnews24