ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোতে 'আপত্তিকর' কার্টুন প্রকাশের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করে সরকার ইসলাম বিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন আহমেদ।
এ ব্যাপারে বায়তুল মোকাররমের খতিবের কাছে প্রথম আলো সম্পাদকের ক্ষমা চাওয়া প্রত্যাখ্যান করে তিনি সাপ্তাহিক ২০০০ বন্ধ ঘোষণা ও এর সম্পাদককে গ্রেপ্তার করে বিচারের দাবি করেছে সংগঠনটি।
শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র মহিউদ্দীন আহমেদ বলেন, "খতিব মাওলানা উবায়দুল হক প্রথম আলোকে ক্ষমা করার কে? বাংলাদেশের আলেম সমাজ তার সাথে নেই। তিনি নির্লজ্জ দালালী করে রাতারাতি ভোল পাল্টে ফেলেছেন। তার সঙ্গে যারা আছে তারা জামায়াতপন্থী।"
এক প্রশ্নের জবাবে মহিউদ্দীন আহমেদ বলেন, "মিছিলে লাঠিপেটা করে সরকার ইসলামবিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছে।"
তিনি সরকারকে ইসলামের বিপক্ষে অবস্থান না নেওয়ার আহ্বান জানান।
মহিউদ্দীন আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রথম আলো ও সাপ্তাহিক ২০০০ এর প্রকাশক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সপ্তাহিক ২০০০ এর সম্পাদক গোলাম মোর্তাজাকে গ্রেপ্তার, অবিলম্বে প্রথম আলো ও সাপ্তাহিক ২০০০ বন্ধ ঘোষণা এবং হিযবুত তাহরীরের গ্রেপ্তারকৃত ৬ সদস্যের মুক্তি দাবি করেন।
এসব দাবি আদায়ের লক্ষ্যে জরুরি অবস্থার মধ্যেই রোববার পর্যন্ত প্রতিদিন তারাবী নামাজের পর ওই দুটি পত্রিকা পোড়ানোসহ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মহিউদ্দীন দাবি করেন, শুক্রবার জুম্মার নামাজের পর মিছিল করে প্রথম আলোর দিকে যাওয়ার সময় পুলিশের লাঠিপেটায় সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কাজী মোরশেদুল হকসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে কাজী মোরশেদুল হক বলেন, "প্রথম আলোর সম্পাদককে এখনই গেপ্তার করা উচিত। পত্রিকাটি শুরু থেকেই বাংলাদেশকে একটি ব্যার্থ ও জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা চালিয়ে আসছে।"
পল্টনে সংগঠনটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের গণসংযোগ সচিব মামুনুর রশীদ, মিডিয়া ও প্রচার সচিব মুস্তাফা মিনহাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ রাকীব, আহমেদ জামাল ইকবাল, মো. সাখাওয়াত হোসেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/জিএনএ/১৯২৮ ঘ.
bdnews24