২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর ধরে নিটোর এর ফিজিওথেরাপি কোর্সে শিক্ষাথী ভর্তি বন্ধ

আইনি জটিলতার কারণে দেশের একমাত্র সরকারী ফিজিওথেরাপি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) এ ফিজিওথেরাপি কোর্সে এক বছর ধরে শিক্ষার্থী ভর্তি বন্ধ আছে। সর্বশেষ ভর্তি হওয়া ব্যাচের সব পরীক্ষা কার্যক্রমও বন্ধ আছে। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এক বছরেরও বেশি সময় ধরে ক্লাস করার পর এখন 'বর্ষশেষ চূড়ান্ত' পরীক্ষা না দিয়ে বসে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 07:18 AM

Updated : 26 Apr 2022, 02:46 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আইনি জটিলতার কারণে দেশের একমাত্র সরকারী ফিজিওথেরাপি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) এ ফিজিওথেরাপি কোর্সে এক বছর ধরে শিক্ষার্থী ভর্তি বন্ধ আছে। সর্বশেষ ভর্তি হওয়া ব্যাচের সব পরীক্ষা কার্যক্রমও বন্ধ আছে। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এক বছরেরও বেশি সময় ধরে ক্লাস করার পর এখন 'বর্ষশেষ চূড়ান্ত' পরীক্ষা না দিয়ে বসে আছেন। ব্যাচের শিক্ষার্থীরা শঙ্কিত হয়ে পড়েছেন নিজেদের ভবিষ্যত নিয়ে। দ্বিতীয় বছরের শিক্ষার্থী ভর্তি হবে কিনা তা নিয়েও কোনো সিদ্ধান্ত নেই। নিটোর এর কোর্স সমন্বয়ক সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ক্ষতি হচ্ছে। যত বেশি পেশাদার গ্রাজুয়েট বের হবে ততই দেশের লাভ। তারা দেশে ও বিদেশে পেশাদার ফিজিওথেরাপিস্টের চাহিদা পূরণ করতে পারবেন।" তিনি জানান, আদালতের রায় না হওয়ায় এ বিষয়ে কিছুই করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা জানায়, সর্বশেষ ২০০৬ সালের মার্চে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হন এ প্রতিষ্ঠানে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা মে মাস থেকে ক্লাশ শুরু করেন। ভর্তি হওয়ার কিছু দিন পরেই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্সের নাম বিএসসি অব ফিজিওথেরাপি করা হয়। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের সিদ্ধান্ত অনুযায়ী পেশাদার কোর্স ব্যাচেলর অব ফিজিওিথরাপিকে সহযোগী কোর্স বিএসসি ইন ফিজিওথেরাপি করা হয়। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষার্থীরা গত বছর ডিসেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করে। রিট আবেদনকারী ১২ তম ব্যাচের ছাত্রী মেহেরুন নেসা মনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাচেলর কোর্সকে বিএসসি কোর্সে পরিণত করার মানে হল কোর্সের অবনমন। স্বাধীন পেশাদারী কোর্সকে সহযোগী কোর্সে পরিণত করার মাধ্যমে তাদের ভবিষ্যত পেশাদারী জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এজন্যই তারা হাইকোর্টে রিট আবেদন করেছেন। এ প্রতিষ্ঠানে ৭ম ব্যাচের শিক্ষানবিশ ছাত্র আনিসুজ্জামান বলেন, ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্স সম্পন্নকারী একজন শিক্ষার্থী এমবিবিএস বা বিডিএস চিকিৎসকদের মত স্বাধীনভাবে পেশা পালন করতে পারবেন। কিন্তু বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স সহযোগী কোর্স হওয়ায় এ কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা তা পারবেন না। তিনি বলেন, দেশে অনেক পেশাদার ফিজিওথেরাপিস্টের দরকার থাকলেও বিশ্ববিদ্যালয়ের কোর্স অবনমনের এ সিদ্ধান্ত কী উদ্দেশ্যে তা বোঝা মুশকিল। কোর্স অবনমনের মাধ্যমে পেশাদারী জীবনে নেমে আসা অনিশ্চয়তা দূর করতেই ১২তম ব্যাচের শিক্ষার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেছে। অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে আছে। হাইকোর্টে এই মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, গত বছর ডিসেম্বরে রিট আবেদন করলে হাইকোর্ট বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তির ওপর স্থগিতাদেশ দেন। এ আদেশের ফলে নিটোর বিএসসি ইন ফিজিওথেরাপি নামের কোনো কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে পারবেনা। হাইকোর্টের এ আদেশের পর এখন পর্যন্ত ব্যাচেলর অব ফিজিওথেরাপি বা বিএসসি ইন ফিজিওথেরাপি কোনো নামেই শিক্ষার্থী ভর্তি করা হয়নি। বিনিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/এসএম/টিএইচ/এমএ/১৩১০ ঘ.