ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলণ্ডি এলাকা থেকে ঢাকার এক ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে।
একই সময় পুলিশ মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় তার প্রাইভেট কারটিও উদ্ধার করে।
ঘিওর থানা পুলিশ জানায়, নিহত ব্যবসায়ীর নাম জালাল উদ্দিন (৩৫)। তিনি ঢাকার বাড্ডা থানার জোয়ার সাহারা এলাকার ক-৭১/৪ নম্বর বাসার বাসিন্দা।
জালাল উদ্দিনের ছোট ভাই জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে তার ভাই জোয়ার সাহারা এলাকার গাজীউর রহমান টিটু নামে একজনের সঙ্গে জমি ব্যবসা করছিলেন। বুধবার রাত ৮টার দিকে টিটু তাদের বাসায় যান। এর পর জরুরি কাজের কথা বলে তারা প্রাইভেট কার নিয়ে বাসা থেকে বের হন। রাত ১০ টার পর বাসায় না ফিরলে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করে দুজনের মোবাইলই বন্ধ পাওয়া যায়।
ব্যবসায়ীক কারণে টিটু পরিকল্পিতভাবে তার ভাইকে খুন করেছে বলে অভিযোগ করেন জাহাঙ্গীর আলম।
ঘিওর থানা পুলিশ জানায়, গাড়ির ভেতরে রক্তমাখা ছোরা ও রশি পাওয়া গেছে। খুনিরা জালাল উদ্দিনকে গাড়ির ভেতরে জবাই করে হত্যার পর ধুলণ্ডি এলাকায় লাশ ফেলে রেখে যায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহম্মেদ বলেন, প্রাথমিক তদন্তে ব্যবসায়ীক কারণে জালাল উদ্দিন খুন হয়েছেন বলে মনে হচ্ছে।
বিকেলে মানিকগঞ্জ সদর থানায় নিহতের লাশের ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পুলিশ প্রহরায় তা বাড্ডা থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
অবশ্য বাড্ডা থানায় সন্ধ্যায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক সোহরাব হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে বিস্তারিত কিছু আমাদের জানা নেই। লোকমুখে এ ধরনের একটি ঘটনার কথা শুনে আমরা জোয়ার সাহারার ওই ঠিকানায় কিছুক্ষণ আগে পুলিশ পাঠিয়েছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসএনডি/১৯৫৮ ঘ.
bdnews24