আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে মাঠে নামছে যৌথ বাহিনী। সারা দেশের বিপণিবিতান, হোটেল ও রেঁস্তোরা থেকে আশানুরূপ ভ্যাট আদায় না হওয়ায় একটি কমিটি করে এর সদস্যদের ভ্যাট আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে সদস্য হিসেবে থাকছেন কর ও শুল্ক বিভাগ, যৌথ বাহিনী, প্রশাসন ও দোকান মালিক প্রতিনিধিরা।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল শাখা থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, "ভ্যাট আদায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।"
যৌথবাহিনীর ১৪তম সমন্বয় সভায় কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তাকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে যৌথ বাহিনী/পুলিশের প্রতিনিধি, বিভাগীয় কমিশনার, ঢাকা-এর প্রতিনিধি এবং হোটেল, রেস্তোরাঁ ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের রাখা হবে সদস্য হিসেবে।
চিঠিতে ভ্যাট আদায়ে নতুন এ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলা হয়, "ছোট দোকান অথবা রেস্তোরাঁ থেকে ক্যাশ মেমো দেওয়া না হওয়ায় প্রকৃত বিক্রি মূল্য নিরূপণে জটিলতার সৃষ্টি হয়। একইসঙ্গে প্রকৃত বিক্রি অনির্ধারিত থাকায় এর ওপর সরকার নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাটের অঙ্কটি অনেক ক্ষেত্রেই ত্র"টিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।"
কমিটির সদস্যরা ভ্যাট দেয় এমন প্রতিষ্ঠান চিহ্নিতকরণসহ ভ্যাটের সুনির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করবে বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে।
সাধারণত ছোট দোকান, হোটেল ও রেস্তোরাঁ থেকে সহজে ভ্যাট আদায়ের জন্য আগের দিনের গড় বিক্রির ওপর নির্দিষ্ট পরিমাণ ভ্যাট নির্ধারণ করে দেওয়া হয়।
ভ্যাট আদায়ের ক্ষেত্রে নতুন এ পদ্ধতি প্রসঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে ভ্যাট নির্ধারণ করলে কোনো সমস্যা নেই। তবে আমাদের সঙ্গে আলোচনা না করে তাদের ইচ্ছে মতো ভ্যাট আদায় বা নির্ধারণ করা হলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে।''
তিনি আরও বলেন,"দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক কিছুই এখন যৌথ বাহিনী করছে। সুযোগ বুঝে তারা ভ্যাট আদায়েও মাঠে নামছে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৯১৯ ঘ.
bdnews24