ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিচারক অসুস্থ থাকায় মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রায় হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বর রায় দেওয়ার জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে এ রায় হওয়ার কথা ছিল।
কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে গত ২৭ মার্চ কমিশন মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী মাজেদা আহসান, দুই ছেলে রেজওনুল আহসান ও রিজভিউল আহসানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন কমিশনের উপ-সহকারী পরিচালক আবু সাঈদ।
মুন্সী দম্পতি কারাগারে আটক থাকলেও তাদের দুই ছেলে পলাতক রয়েছেন।
১৭ জুন মহানগর মূখ্য হাকিমের আদালতে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। সেখানে বলা হয় কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে আসামি মঞ্জুরুল আহসান প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়াও তিনি ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন।
মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠানোর পর গত ৯ জুলাই অভিযোগ গঠন করা হয়। ১৩ আগস্ট নিজেদের নির্দোষ দাবি করে মুন্সি ও তার স্ত্রী আদালতে ৩৪২ ধারায় জবানবন্দি দেন।
২৯ আগস্ট রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারক রায় দেওয়ার এ দিন ধার্য করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৭৩৪ঘ.
bdnews24