২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি

জামায়াতে ইসলামীসহ যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে গণতন্ত্রী পার্টি এ দাবী জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জামায়াতে ইসলামীসহ যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে গণতন্ত্রী পার্টি এ দাবী জানায়। সংলাপ শেষে দুপুরে পার্টির সভাপতি নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "ধর্মান্ধ, জঙ্গিবাদ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানকারী দলগুলোকে নিবন্ধন না করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। এ ক্ষেত্রে আমরা জামায়াতে ইসলামীর নাম বলেছি।" জামায়াতের 'দাঁড়িপাল্লা' নির্বাচনী প্রতীকের বিরোধিতা করে তিনি বলেন, "এছাড়া দাঁড়িপাল্লা, মিনার, মসজিদ বা মন্দির এসব ন্যায় বিচার ও ধর্মের প্রতিনিধিত্ব করে। তাই আমরা এসব নির্বাচনী প্রতীক বাতিল করার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছি।" নূরুল ইসলাম আরও জানান, তাদের পক্ষ থেকে রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোর অডিট প্রতিবেদন দেওয়ার এবং গোপন ব্যালট বাক্সে সব কমিটি গঠন করার প্রস্তাবিত বিধানের বিরোধিতা করা হয়েছে। তবে দলগুলোর অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা, প্রবাসে দলের কোনো শাখা না থাকা, নির্বাচনে সনাতনি স্টিলের ব্যালট বাক্স ব্যবহার করাসহ কমিশনের প্রস্তাবিত বেশ কয়েকটি বিষয়ের সঙ্গে মতৈক্য পোষণ করা হয়েছে। এর আগে ১৬ সেপ্টেম্বর কৃষক - শ্রমিক জনতা লীগ নেতা কাদের সিদ্দিকীও কমিশনের সঙ্গে সংলাপে একই দাবি করেন। পরে কমিশন সচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে যে সব দল আবেদন করেছে, আগামী সপ্তাহে তাদের কাছে চিঠি পাঠানো হবে। তবে ২৭ সেপ্টেম্বর জাতীয় পার্টির সঙ্গে সংলাপের কথা থাকলেও তারা আবেদন করায় এই নির্ধারিত সংলাপ পেছানো হচ্ছে বলে জানান কমিশন সচিব। গণতন্ত্রী পার্টির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলীয় সভাপতি নূরুল ইসলাম। সংলাপে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম শাখাওয়াত হোসেন, কমিশন সচিব, আইন কর্মকর্তা প্রমুখ। কমিশনের ঘোষিত তালিকা অনুসারে এরই মধ্যে ১২ সেপ্টেম্বর ইসলামী ঐক্য জোট, ১৬ সেপ্টেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ, ২০ সেপ্টেম্বর গণতন্ত্রী পার্টি সংলাপে অংশ নিয়েছে। এর পর ৪ অক্টোবর জাতীয় পার্টি (মঞ্জু), ৯ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), ২২ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব), ২৫ অক্টোবর জামায়াতে ইসলামী বাংলাদেশ, ২৮ অক্টোবর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর), ৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ, ১১ নভেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ১৫ নভেম্বর জাতীয় পার্টি (নাজিউর), ২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২৫ নভেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং ২৯ নভেম্বর সাম্যবাদী দল (এম-এল) সঙ্গে সংলাপ হওয়ার কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এফএফ/আরএ/এমএ/১৬১৩ ঘ.