ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘের সাধারণ পরিষদের ৬২ তম বৈঠকে যোগ দিতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগামি ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে তিনিও থাকছেন।
২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় প্রধান উপদেষ্টা কান্ট্রি পেপার উপস্থাপন করবেন। এছাড়া তিনি ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পাশাপাশি সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশে এর প্রভাব বিষয়ে বক্তব্য রাখবেন।
ইফতেখার আহমদ জানান, প্রধান উপদেষ্টা তার কান্ট্রি পেপারে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট এবং সংস্কার বিষয়ে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা তুলে ধরবেন।
সাধারণ পরিষদের এ সভার পাশাপাশি প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রদি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমন্ত্রণে একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। তবে প্রেসিডেন্ট বুশ এতে যোগ দিচ্ছেন না।
ইফতেখার চৌধুরি জানান, অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি বেশ কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করবেন।
প্রধান উপদেষ্টা আগামী ৩০ সেপ্টেম্বর এবং পররাষ্ট্র উপদেষ্টা ৮ই অক্টোবর দেশে ফিরবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিডি/এফএফ/এসকে/১৫১৮ঘ.
bdnews24