২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল মইনের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই জেনে খুশি গ্যাস্টরাইট

রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের প্রশংসা করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক উপ সহকারী মন্ত্রী জন গ্যাস্টরাইট। তবে জরুরি বিধিমালা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে আটক ব্যক্তিদের বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বুধবার বিকেলে তিনি প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদের সঙ্গে দেখা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের প্রশংসা করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক উপ সহকারী মন্ত্রী জন গ্যাস্টরাইট। তবে জরুরি বিধিমালা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে আটক ব্যক্তিদের বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বুধবার বিকেলে তিনি প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদের সঙ্গে দেখা করেন। এরপর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসির বাসায় বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় যুক্তরাষ্ট্র দূতাবাসের গণসংযোগ বিভাগের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি সম্পাদকদের বিলি করা হয়। ওই বিবৃতিতে গ্যাস্টরাইট বলেন, "জেনারেল মইন একাধিকবার আশ্বস্ত করেছেন, তার কিংবা সেনাবাহিনীর কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। তার এই প্রতিশ্র"তিকে আমি স্বাগত জানাই।" জেনারেল মইনের সঙ্গে সাক্ষাতকে 'চমৎকার' উল্লেখ করে ওই বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারের কাজে সেনাবাহিনী ও যৌথবাহিনীর ভূমিকার জন্য সেনা প্রধানকে অভিনন্দন জানান গ্যাস্টরাইট। বিবৃতিতে তিনি আরো বলেন, "মানবাধিকারের বিষয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে যাদের আটক করা হয়েছে তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের উদ্বেগের কথাও জানিয়েছি আমি।" গ্যাস্টরাইট এমন এক সময়ে এ কথা বললেন যখন দেশের সাবেক দুই প্রধানমন্ত্রীসহ বেশ কিছু রাজনীতিবিদ ও কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক দুর্নীতি ও জরুরি বিভিমালা ভঙ্গের অভিযোগে কারাগারে অন্তরীণ। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও সেনা প্রধানের সঙ্গে জন গ্যাস্টরাইটের কথা হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগান্তরের সম্পাদক গোলাম সরওয়ার, সমকালের সম্পাদক আবেদ খান, নিউ এজ এর সম্পাদক নুরুল কবির ও মানবজমিন এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী গীতা পাসির বাসায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএ/২২১৪ ঘ.