ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ ট্রাফিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাতা বাবদ মূল বেতনের ৩০ ভাগের সমপরিমাণ টাকা দেওয়া হবে তাদের। এছাড়া মামলার তদন্ত পরিচালনার জন্য ১ হাজার থেকে ৩ হাজার টাকা দেওয়া হবে পুলিশ সদস্যদের।
বুধবার পুলিশ সদর দপ্তরে সহকারি মহা পুলিশ পরিদর্শক (অর্থ) শাহাবুদ্দিন কোরাইশি সাংবাদিকদের জানান, এই দুই ধরনের ভাতার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি গত ১৫ সেপ্টেম্বর অনুমোদন করেছে সরকার। চলতি অর্থবছরে ট্রাফিক পুলিশের জন্য ৭ কোটি ৩০ লাখ এবং মামলার তদন্ত পরিচালনার জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
শাহাবুদ্দিন কোরাইশি জানান, ট্রাফিক পুলিশ সদস্যরা এখন থেকে তাদের মূল বেতনের ৩০ ভাগ টাকা ট্রাফিক ভাতা হিসেবে পাবেন। তবে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত হবে। এছাড়া পুলিশ সদস্যরা মামলার তদন্ত কাজ চালানোর জন্য ভাতা পাবেন। ডাকাতি কিংবা হত্যা মামলার তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ সদস্যকে ৩ হাজার টাকা, অপহরণ মামলার জন্য আড়াই হাজার টাকা, অপমৃত্যু মামলার জন্য ২ হাজার টাকা এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ১০০০ টাকা করে দেওয়া তাদের।
তিনি জানান, কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত পুলিশ সদস্যরা এখন সর্বোচ্চ ৪০০ টাকা করে ঝুঁকি ভাতা পাচ্ছেন। এই ভাতার পরিমাণ বাড়িয়ে তাদের মূল বেতনের ২৫ ভাগ করার জন্য সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে কনস্টেবল ও হেড কনস্টেবলদের পারিবারিক রেশন বাড়ানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
তিনি জানান, খুন ও অপমৃত্যু মামলার লাশ পরিবহনের জন্য বছরে ৬ কোটি ৫২ লাখ টাকা; ডিএনএ, ভিসেরা ও মাদক দ্রব্যের রাসায়নিক পরীক্ষার জন্য বছরে ১ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে কনস্টেবলদের মাসিক ভ্রমণ ভাতা ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, আসামিদের দৈনিক খাবার সরবরাহের জন্য ১০০ টাকা, থানার স্টেশনারি জিনিসপত্র কেনার জন্য বছরে ২ কোটি ৯ লাখ টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে।
এসব প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক এসএম সাজ্জাদ আলী, উপ-মহা পরিদর্শক (প্রশিক্ষণ) বেনজীর আহমেদ, সহকারি মহা পরিদর্শক (গোপনীয়) আবু হাসান মোহাম্মদ তারিক সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএ/২১০০ ঘ.
bdnews24