ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশ প্রশাসনের ১৪ জন পরিদর্শককে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।
একই আদেশে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদায়ন করা হয়েছে।
পদোন্নতি পাওয়া এ কর্মকর্তারা হলেন, ঢাকা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আতাউর রহমান, সৈয়দপুর রেলওয়ে পুলিশের দেবব্রত সিংহ চৌধুরী এবং ঢাকা জেলার মোহাম্মদ আক্তারুজ্জামানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) নিয়োগ করা হয়েছে।
ভোলার আব্দুল হান্নানকে পিরোজপুরের মঠবাড়িয়া সার্কেল, শেরপুরের এসএম খুরশীদুল আলমকে ঢাকা সিআইডি, ঢাকা সিআইডির মির্জা সরাফত আলীকে নাটোরের বড়াইগ্রাম সার্কেল, বরিশালের অশোক কুমার মন্ডলকে বাগেরহাট সদর, মানিকগঞ্জের মিজানুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমী, সিআইডির হাসনাত নাজমুল আলমকে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় সহকারী পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে।
এছাড়া ঢাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) নিলুফার সুলতানা ও একেএম আসাদুল হক, সিআইডির অহিদুজ্জামান, তহুরা বেগম ও মেহেরুন নেছা পারুল বর্তমান কর্মস্থলেই সহকারী পুলিশ সুপারের পদে নিয়োগ পেয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এমএ/২০১২ ঘ.
bdnews24