ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ওয়ালিউর রহমান ভূঁইয়াকে 'মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার' (ওবিই) এর অনারারি অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য সরকার।
ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানানো হয়।
রাণীর পক্ষে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ওয়ালিউর রহমানকে এই পদে নিয়োগ দেন।
বর্তমানে ওয়ালিউর রহমান ভূঁইয়া বাংলাদেশ অক্সিজেন কোম্পানি (বিওসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ১৯৫০ এর দশকে বাংলাদেশে বিনিয়োগকারী প্রথম ব্রিটিশ কোম্পানিগুলোর একটি হচ্ছে বিওসি। শিল্প খাতে ও চিকিৎসার জন্য গ্যাস প্রস্তুত ও সরবরাহ করতে বর্তমানে এই কোম্পানিতে ৪০০ জনের বেশী লোক কর্মরত রয়েছেন।
ভুঁইয়াকে এই সম্মানে ভূষিত করতে গিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, "বাংলাদেশের বাজারে প্রথম ব্রিটিশ বিনিয়োগাকারী হিসেবে বিওসি এবং ভূঁইয়া গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামাজিক অবদান রেখেছেন এবং আজও এই কোম্পানি একটি দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে অবস্থান করছে।"
বিওসিতে কর্মরত থাকার পাশাপাশি ভূঁইয়া বিভিন্ন সংগঠন ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএ/২০০০ ঘ.
bdnews24