ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বিএনপি নেতা মির্জা আব্বাস, সাবেক দুই সচিব এবং রাজউকের বর্তমান ও সাবেক নয় কর্মকর্তার বিরুদ্ধে বাড়ি সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১৫টি অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।
দুদক সচিব মো. মোখলেস উর রহমান বুধবার কার্যালয় থেকে বের হওয়ার সময় অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মির্জা আব্বাস ছাড়া মামলার অপর আসামিরা হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এস এম জাফর উল্লাহ, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব বর্তমানে ওএসডি কর্মকর্তা মো. শহীদ আলম, রাজউকের নির্বাহী প্রকৌশলী কাজী রিয়াজুল মনির, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সাবেক প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহম্মেদ, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী, রাজউকের সাবেক পরিচালক (অর্থ) হুমায়ুন কবির, রাজউকের সাবেক পরিচালক (এস্টেট) বর্তমানে সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম নবী, রাজউকের সাবেক সচিব বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর মোশাররফ হোসেন, প্রধান প্রকৌশলী মো. এমদাদুল হক, পূর্বাচল শহর উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুস সাদেক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন আহম্মেদ।
গত ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক শফিউল আলম মতিঝিল থানায় মির্জা আব্বাস, সাবেক দুই সচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ও বর্তমান ৯ উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তভার দেওয়া হয় দুদকের উপ-সহকারী পরিচালক মো. রেজাউল হাসান তরফদারকে। চলতি মাসের প্রথম দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৮টি বাড়ির মধ্যে ১৫টি বাড়ির বিষয়ে ১৫টি পৃথক খসড়া অভিযোগপত্র কমিশনে জমা দেন। বাকি তিনটি বাড়ির মালিকানা নিয়ে আইনি জটিলতা থাকায় ওই তিনটির বিষয়ে কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি।
মামলার এজাহারে বলা হয়, মির্জা আব্বাস, সাবেক দুই সচিব ও রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা রাজধানীর ধানমণ্ডি, গুলশান, বনানী ও নিউ ইস্কাটন এলাকার ১৮ টি পরিত্যক্ত বাড়ি পরস্পর যোগসাজসের মাধ্যমে বিনা দরপত্রে প্রকৃত বাজার দরের চেয়ে অত্যন্ত কম দামে তা বিক্রি করেছেন। তাদের এ দুর্নীতির ফলে রাষ্ট্রের মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএআর/এমএ/ ২০০২ ঘ.
bdnews24