২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ তুলে নিন: আশরাফ হোসেন

রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপির 'সংস্কারপন্থী' অংশের ভারপ্রাপ্ত মহাসচিব আশরাফ হোসেন। সারাদেশ থেকে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই বিএনপির কাউন্সিল হবে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 10:32 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপির 'সংস্কারপন্থী' অংশের ভারপ্রাপ্ত মহাসচিব আশরাফ হোসেন। সারাদেশ থেকে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই বিএনপির কাউন্সিল হবে বলে জানান তিনি। এছাড়া সিঙ্গাপুরে মান্নান ভূঁইয়ার সঙ্গে কয়েকজন রাজনৈতিক নেতার আনুষ্ঠানিক বৈঠকের যে খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেন আশরাফ হোসেন। বুধবার গুলশানে মান্নান ভূঁইয়ার ন্যাম ফ্ল্যাটের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির 'সংস্কারপন্থী অংশ'র ভারপ্রাপ্ত মহাসচিব। আশরাফ হোসেন বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেনকে আমরা বৈধ মহাসচিব মনে করি না। তিনি জররদস্তি করে নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং বহিষ্কারের হুমকি দিচ্ছেন। বিএনপি এ ধরনের জবরদস্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে না।" বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল উল্লেখ করে 'বহিষ্কৃত' এ নেতা বলেন, "সারাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকায় দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বাস্তব অবস্থা পর্যালোচনা করে মুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হলেই কাউন্সিল অধিবেশন করা হবে।" ওই কাউন্সিলেই বিএনপির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবগুলোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশরাফ হোসেন জানান। সিঙ্গাপুরে মান্নান ভূঁইয়ার সঙ্গে বিভিন্ন নেতার বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশরাফ হোসেন বলেন, "তিনি(মান্নান ভূঁইয়া) চিকিৎসার জন্য সেখানে গেছেন। কেউ অসুস্থ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসতেই পারেন। তবে আনুষ্ঠানিক কোনও বৈঠকের সংবাদ সঠিক নয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬২৬ ঘ.