২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকে ডাকাতের ছুরিকাঘাতে দুই প্রহরী আহত

ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখায় মঙ্গলবার রাতে এক দল ডাকাত হানা দেয়। কোনও মালামাল খোয়া না গেলেও ডাকাতদের ছুরিকাঘাতে ব্যাংকের দুই নৈশ প্রহরী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 07:04 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখায় মঙ্গলবার রাতে এক দল ডাকাত হানা দেয়। কোনও মালামাল খোয়া না গেলেও ডাকাতদের ছুরিকাঘাতে ব্যাংকের দুই নৈশ প্রহরী আহত হয়েছেন। আহত প্রহরীদের উদ্ধৃতি দিয়ে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক আব্দুর রউফ সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে এক দল ডাকাত ব্যাংক ভবনের দক্ষিণ পাশের দোতলার জানালার গ্রিল কেটে ব্যাংকের ভেতর ঢুকে নৈশ প্রহরী নজরুল ইসলাম ও খলিলুর রহমানকে ছুরিকাঘাত করে বেঁধে ফেলে। ডাকাতরা বিভিন্ন ফাইল পত্র তছনছ করে এবং ভল্ট ভাঙ্গার চেষ্টা চালায়। কিন্তু সেহরির সময় রাস্তায় লোকজনের সাড়া পেয়ে তারা পালিয়ে যায়। সকালে পুলিশ গিয়ে দুই প্রহরীকে হাসপাতালে পাঠায়। শহরের প্রাণ কেন্দ্র সুলতানপুর বড়বাজার সড়কের ওই ব্যাংক ভবনে সকালে গিয়ে দেখা যায়, দোতলার গ্রিল কাটা এবং ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া গ্রিল কাটার দুটি যন্ত্র পুলিশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ব্যাংকের ভল্ট কাটার জন্যই যন্ত্র দুটি ডাকাতরা এনেছিল। জেলা পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় ওই এলাকার নৈশ প্রহরী নুরুল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৫ ঘ.