ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করতে সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৯৯৯ সালের ২ ডিসেম্বরের মাযদার হোসেন মামলার ১২টি নির্দেশনা বাস্তবায়নে আদালত সরকারের জন্য শেষ বারের মতো সময় বাড়ালো।
এছাড়া আদালত ২৮ অক্টোবরের ভেতর ৬৫৫ জনের ভেতর ৪৩১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আদালত কক্ষ বরাদ্দের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে আদেশ দিয়েছে।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। সরকারকে ২৯ অক্টোবরের মধ্যে বিচার বিভাগ পৃথককরণ কার্যক্রম সম্পন্নের ব্যাপরে আদালতের কাছে প্রতিবেদন উপস্থাপনেরও আদেশ দেওয়া হয়।
আদালত এ ব্যাপারে ৩১ অক্টোবর পরবর্তী আদেশের দিন ধার্য করে।
বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের পদসহ বিভিন্ন বিচার বিভাগীয় পদে নিয়োগ ও বদলীসহ আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য আইন মন্ত্রণালয়কে আদেশ দিয়েছে আদালত। আদেশে বলা হয়, "২৮ অক্টোবরের মধ্যে বিচারকাজে সংশ্লিষ্ট সব পদে নিয়োগ সম্পন্ন করতে হবে।"
সুপ্রিম কোর্টের আদেশে জানানো হয়, আইন মন্ত্রণালয় ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচারকদের (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) জন্য ৬৫৫ টি পদ ও বিচারকাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ৩ হাজার ৬১৮টি পদ বরাদ্দ করে।
আদেশে আরও জানানো হয়, আপিল বিভাগের ২৭ আগস্টের আদেশ পালনের জন্য ইতিমধ্যেই একটি কমিটি তৈরি করা হয়েছে এবং কমিটি জুডিশিয়াল ম্যজিস্ট্রেসির জন্য আর কি পরিমাণ জনশক্তি ও অবকাঠামোগত সহায়তা দরকার তা নিরূপণ করার ব্যাপারে কাজ শুরু করেছে।
সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, "দুই সপ্তাহের মধ্যে কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে এবং এ ব্যাপারে আদালতকে অবহিত করবে।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার ৪৩১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য এ পর্যন্ত কি ধরনের অবকাঠামো সুবিধা তৈরি করা হয়েছে তা আদালতকে অবহিত করেন।
তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সঙ্গে পূর্ত মন্ত্রণালয়ও অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পূর্ত মন্ত্রণালয় সর্বদাই আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জিএনএ/২১৩৮ঘ.
bdnews24