২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর কার্টুনিস্ট আরিফ গ্রেপ্তার

দৈনিক প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনের কার্টুনিস্ট আরিফুর রহমানকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সন্দেহভাজন হিসেবে বিতর্কিত ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও ধারণা করা হচ্ছে, কথিত 'ধর্মীয় অনুভূতিতে আঘাত করা' কার্টুন আঁকার কারণে তাকে ধরা হয়েছে। মঙ্গলবার সকালে দৈনিক প্রথম আলোর সোমবার প্রকাশিত সাময়িকী আলপিনের ৪৩১তম সংখ্যা বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় সরকার। একই সঙ্গে ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত "নাম" শীর্ষক কার্টুন কাহিনীর শিল্পী আরিফুর রহমানকে গ্রেপ্তার করারও নির্দেশ দেওয়া হয়। দুপুরে গোয়েন্দা পুলিশ উত্তরার বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় তেজগাঁও থানায় তাকে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 03:31 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দৈনিক প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনের কার্টুনিস্ট আরিফুর রহমানকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সন্দেহভাজন হিসেবে বিতর্কিত ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও ধারণা করা হচ্ছে, কথিত 'ধর্মীয় অনুভূতিতে আঘাত করা' কার্টুন আঁকার কারণে তাকে ধরা হয়েছে। মঙ্গলবার সকালে দৈনিক প্রথম আলোর সোমবার প্রকাশিত সাময়িকী আলপিনের ৪৩১তম সংখ্যা বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় সরকার। একই সঙ্গে ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত "নাম" শীর্ষক কার্টুন কাহিনীর শিল্পী আরিফুর রহমানকে গ্রেপ্তার করারও নির্দেশ দেওয়া হয়। দুপুরে গোয়েন্দা পুলিশ উত্তরার বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় তেজগাঁও থানায় তাকে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন। তাকে ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। প্রথম আলো ও আরিফের পরিবারের সদস্যরা জানান, গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে যায়। এর আগে মঙ্গলবার 'প্রথম আলো' কর্তৃপক্ষ অসাবধানতাবশত এই কার্টুন প্রকাশের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে কার্টুন কাহিনীটি প্রত্যাহার করে নিয়েছে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। অসাবধানতাবশত ও অনিচ্ছাকৃতভাবে কার্টুনটি ছাপা হয়েছে। এটা প্রথম আলোর নিয়োগপ্রাপ্ত কর্মীর আঁকা না। ফ্রিল্যান্স কন্ট্রিবিউটরের আঁকা। ফ্রিল্যান্স কন্ট্রিবিউটরের লেখা বা আকা কার্টুন ছাপানোর আগে যাচাই বাছাই করা হয়। কার্টুনটি অমনোনীত হয়েছিল। অসতর্কতাবশত কার্টুনটি ছাপা হয়েছে। "আমরা বিষয়টি নিয়ে বসেছি। তদন্ত করে দেখা হয়েছে। মূল দায়িত্বে যে ছিল তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা দু:খ প্রকাশ করছি। আশাকরি সংশ্লিষ্ট সবাই বিষয়টি ক্ষমাসুন্দর দষ্টিতে দেখবেন।" মঙ্গলবার তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে বলেছে, কার্টুনটি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। বিষয়টি নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। অনভিপ্রেত এ ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানানো হয়েছে। এধরণের কার্টুন প্রকাশের ব্যাপারে সমকালের সম্পাদক আবেদ খান বলেন, "সম্পাদকীয় কর্তৃপক্ষের খুব সতর্ক থাকা উচিত। যে এঁকেছে সে ছাপানোর জন্য দায়ী না। এর দায়িত্ব সর্বোচ্চ ব্যবস্থাপনাকেই নিতে হবে।" তিনি বলেন, "কাউকে চাকুরিচ্যুত করে সমাধান আসবে না। এভাবে দায়িত্ব এড়াবো কেন?" আবেদ খান আরো বলেন, "আমরা ধরে নিচ্ছি পেশাগত ত্র"টি হয়েছে। ইচ্ছাকৃত ঘটনা না। যারা ইস্যু করতে চান তাদের এটা বুঝতে হবে। আর যাদের ওপরে পরিপূর্ণ দায়িত্ব তাদের স্পর্শকাতর বিষয়গুলোও বুঝতে হবে। সংবাদপত্র কোনও রসিকতার জায়গা না। এর পাশাপাশি আমাদের ক্ষমাহীন হলেও চলবে না।" যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেন,"কোনও লেখকের লেখা বা কার্টুনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত না। আমার বিশ্বাস সব লেখক ও কার্টুনিস্ট এটা জানেন।" তিনি বলেন, "একজন লেখকের লেখায় বা কার্টুনে শিল্পের সামগ্রিক পরিচয় থাকে। সেটা বুঝতে হবে। সেই সার্বিক পরিচয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনও কিছু যদি হয়ে যায়, সেটা অসতর্কতার জন্য পারে। এজন্য সতর্ক থাকতে হবে।" শফিক রেহমান বলেন, "বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুনরাবৃত্তি না হয়।" কার্টুনিস্ট আরিফ দুর্নীতিবিরোধী ব্যঙ্গচিত্রের জন্য পরিচিতি পেয়েছেন। তিনি ডেইলি স্টার আয়োজিত একটি দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় প্রথম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) অনুরূপ প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেন। বিশেষ করে দুর্নীতির ঘায়ে ফোকলা হয়ে যাওয়া একটি বৃক্ষের চিত্র সম্বলিত টিআইবির কার্টুনটি বেশ প্রচার পেয়েছে। এদিকে মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ১৭ সেপ্টেম্বর 'দৈনিক প্রথম আলো' পত্রিকার সাময়িকী আলপিনের ৪৩১ তম সংখ্যার ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত 'নাম' শীর্ষক কার্টুন কাহিনীটির বিষয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বিশিষ্ট ধর্মীয় নেতাদের সঙ্গে আইন মন্ত্রণালয়ে এক সভা করেন। তথ্য বিবরণীতে বলা হয়, আইন উপদেষ্টা ধর্মীয় নেতাদের জানান, জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় সরকার প্রথম আলোর সংশ্লিষ্ট সংখ্যাটি বাজেয়াপ্ত করেছে এবং কার্টুনিস্ট আরিফুর রহমানকে গ্রেপ্তার করেছে। এ বিষয়টিকে পুঁজি করে যাতে কোন অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য তিনি সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। সভায় বিশিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ উপদেষ্টাকে জানান, এ ধরনের কার্টুন প্রকাশ করে প্রথম আলো অত্যন্ত গর্হিত কাজ করেছে। তারা মনে করেন, এটি দেশ ও ইসলামের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র। তারা সরকারের কাছে অবিলম্বে 'প্রথম আলো' পত্রিকাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা পত্রিকাটির প্রকাশক, সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের হাতে সোপর্দ করারও দাবি করেন। এ প্রেক্ষিতে যাতে কোন অনাকাক্সিক্ষত এবং অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য তারা বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমানকে ধৈর্য ধারণ ও সংযত আচরণ প্রদর্শনের আহ্বান জানান। বিষয়টি তদন্ত করা হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি বিবেচনা করছে। তিনি ধর্মীয় আলেমদের দাবির প্রেক্ষিতে সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টি আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। তিনি আবেগের বশবর্তী না হয়ে সব মহলকে ধৈর্য ও সংযমের সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বায়তুল মোকারম মসজিদ এর খতিব মাওলানা ওবায়দুল হক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা মুহিউদ্দিন খান, মাওলানা কামাল উদ্দিন জাফরী, মাওলানা মো. মাহফুজুল হক, হাফেজ ক্কারী মাওলানা কাজী আমিনুল ইসলাম মোস্তফা, অধ্যক্ষ জয়নাল আবেদীন, হিজবুত তাহিরির যুগ্ম-সমন্বয়কারী কাজী মোর্শেদুল হক, খেলাফত আন্দোলনের মহাসচিব মো. জাফর ইকবাল খান, তথ্য সচিব মো. দিদারুল আনোয়ার, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, ধর্ম সচিব মো. আতাউর রহমান, প্রধান তথ্য অফিসার ইফতেখার হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক মো. ফজলুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআরএফ/জিএনএ/২২০০ ঘ.