সিলেট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের জকিগঞ্জের হাওরপারের একটি গ্রামে ত্রাণ বিতরণ করতে গিয়ে মঙ্গলবার দুপুরে নৌকাডুবিতে একজন প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। রাত ৮টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
জকিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কসকনকপুর ইউনিয়নের প্রত্যন্ত হাওরপারের গ্রাম হাতিদহর ও গঙাজল গ্রামে সরকারি ত্রাণ বিতরণে যান উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী যতিন্দ্র কুমার বিশ্বাস (৫০)।
নৌকায় তার সঙ্গে ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য উষারাণী ও তুতিউর রহমান। দুপুর দুইটার দিকে ফেরার সময় হাতিদহর বিলে আকস্মিক দমকা হাওয়ায় নৌকাটি উল্টে যায়।
এ সময় মাঝিসহ দুই ইউপি সদস্য সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন যতিন্দ্র কুমার।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সাত্তার রাত ৮টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "আমরা এখনও খোঁজাখুঁজি করছি। কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।"
যতিন্দ্র কুমার বিশ্বাসের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৩৪ ঘ.
bdnews24