ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে 'ক্রসফায়ারে' মারা গেছে সীমান্ত এলাকার ডাকাত আনারুল গাজি (৩৫)। সোমবার রাতে পাটকেলঘাটা থানার শাকদহ মাঠে ডাকাতদের সঙ্গে ওই বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ সদস্যও আহত হন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সোমবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় আনারুল গাজিকে শাকদহা এলাকায় আটক করে পুলিশে দেয় জনতা। তখন তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। গভীর রাতে শাকদহ মাঠের কাছে পৌঁছলে আানারুলের বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আনারুল।
বন্দুকযুদ্ধের সময় কনস্টেবল মো. জাহাঙ্গীর ও শাহাবুদ্দীন আহত হন বলে ওসি রওশন আলী জানান।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আনারুলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আনারুল সদর উপজেলার বেলেপোতা গ্রামের জয়নুদ্দীন গাজির ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.
bdnews24