চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগীয় পশুসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় আব্দুল লতিফকে তার কার্যালয় থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওই সময় দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মেজর জুলফিকার আলীও উপস্থিত ছিলেন।
র্যাব কর্মকর্তা জানান, উপ-পরিচালকের বিরুদ্ধে বদলির বিনিময়ে অধস্তন কর্মচারীদের কাছ থেকে ঘুষ আদায়সহ হয়রানির বিস্তর অভিযোগ রয়েছে। র্যাব ও দুর্নীতি দমন কমিশন অভিযোগগুলো খতিয়ে দেখে মঙ্গলবার এ অভিযান চালায়।
জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল লতিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মেজর আনিসুজ্জামান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24