রাজশাহী, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাবিতে ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক ফজলুল করিম চৌধুরীর আদালতে মামলার অভিযোগ গঠন হয়।
অভিযোগ গঠনের সময় অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, অধ্যাপক সারোয়ার জাহান সজলসহ অভিযুক্ত চার জনকে আদালতে হাজির করা হয়। অপর দুজন হলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদিকুল ইসলাম ও কর্মচারী আতাউর রহমান।
মামলার অপর আসামিরা পলাতক রয়েছেন। তারা হলেন, রাবি শিক্ষার্থী উজ্জ্বল, আয়েন উদ্দিন, দ্বীপায়ন সরকার, মিঠু, সরকার আয়াজ, ফকরুল ইসলাম সুমন, আবু সায়েম, শামীম আহম্মেদ, কাজী আব্দুল লতিফ ও শাখাওয়াৎ হোসেন।
আসামিদের বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গ ও গাড়ি পোড়ানোর অভিযোগ আনা হয়েছে।
আদালতে অভিযোগ উপস্থাপন করেন মহানগর আদালতের উপ-পরিদর্শক সামশুল ইসলাম। শিক্ষকদের পক্ষে গোলাম আরিফ টিপু, মনসুর রহমান ও হামিদুল হকসহ ছয় আইনজীবী শুনানিতে অংশ নেন।
ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা অপর মামলায় সোমবার রাবির সাবেক উপাচার্য সাইদুর রহমান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ও ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুস সোবহান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় কুমার ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
ওই ছয় শিক্ষকের বিরুদ্ধে ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় জরুরি বিধিমালা লঙ্ঘন, বিক্ষোভ ও ভাংচুরের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক।
এর পরপরই নিরাপত্তা বাহিনী সাইদুর রহমান, রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুস সোবহান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিককে আটক করে। এর পর জরুরি ক্ষমতা বিধিমালায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে মতিহার থানায় দুটি মামলা করে পুলিশ।
গত ১ সেপ্টেম্বর দুই মামলারই অভিযোগপত্র দেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। ভাংচুর এবং তাতে উসকানি দেওয়ার মামলায় সাইদুর রহমান, আব্দুস সোবহান, মলয় কুমার ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নাসির উদ্দিন। এ মামলাটি দায়ের করেছিলেন উপ-পরিদর্শক ফারুখ হোসেন।
সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা অপর মামলায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, অধ্যাপক সারোয়ার জাহান সজল, জনসংযোগ কর্মকর্তা সাদিকুল ইসলাম, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, রাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন। এ মামলাটি করেছিলেন ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলী।
পরবর্তী সময়ে ৫ সেপ্টেম্বর দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুন এবং ১১ সেপ্টেম্বর গোলাম সাব্বির সাত্তার তাপু ও সারোয়ার জাহান সজল আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৬ ঘ.
bdnews24