২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুর্নীতি মামলা জরুরি বিধিমালার আওতায় আনা হলো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মো. মোখলেস উর রহমান নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, মামলার তদন্তকর্মকর্তা দুদকের উপ পরিচালক মোহাম্মদ জহিরুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনার অনুমোদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মো. মোখলেস উর রহমান নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, মামলার তদন্তকর্মকর্তা দুদকের উপ পরিচালক মোহাম্মদ জহিরুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনার অনুমোদন দিয়েছে। কমিশনের অনুমোদনের পর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত হয়। এর ফলে অভিযুক্তরা জামিন আবেদন করতে পারবেন না। বিচার কাজ শেষ করতে হবে ৬০ দিনের মধ্যে। প্রতিটি শুনানিতে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এএফএম গোলাম ফাত্তাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আবেদন করলে কমিশন নিজেই কোনো মামলা জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারে। এর জন্য আর কারো অনুমোদনের প্রয়োজন নেই।" গত ২ সেপ্টেম্বর দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন। এর পর ৫ সেপ্টেম্বর তদন্তকর্মকর্তা মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার আবেদন জানান। মামলায় অভিযোগ করা হয়, চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে ঠিকাদার নিয়োগের জন্য ২০০৩ সালের ১ মার্চ দরপত্র ডাকা হয়েছিল। কিন্তু অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ঠিকাদারের অভিজ্ঞতাসহ দরপত্রের অন্য শর্তগুলো পূরণ না করেই গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) কাজ পাইয়ে দেন। দুর্নীতির এ ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। ব্রিফিং এ দুদক সচিব তারেক রহমানের বিরুদ্ধে শিগগিরই মামলা হতে পারে বলে আভাস দেন। তারেকের সম্পত্তির বিষয়ে অধিকতর তদন্ত এখন কোন পর্যায়ে আছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, " কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই একটি ফলাফল দেখতে পাবেন।" দুদক সচিব মোখলেস উর রহমান জানান, উচ্চ পর্যায় ছাড়াও নিচের দিকের কয়েকজন সন্দেহভাজন দুর্নীতিবাজের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করা হয়েছে এবং তা আদালতে দাখিল করার অনুমোদন দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/পিসি/এমএসবি/এমএ/১৮২৩ ঘ.