ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নীতি সহায়ক ইন্সট্রুমেন্ট (পিএসআই) চুক্তি করা থেকে কেন বিরত রাখা হবে না তার কারণ ব্যাখ্যা করার জন্য সরকারকে দুই সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট।
আইএমএফ এর সঙ্গে সরকারের প্রস্তাবিত চুক্তির বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মেসবাহুল ইসলাম বিচারপতি নাজমুন আরা সুলতানা এবং মো: আবু তারিকের আদালতে জনস্বার্থ বিষয়ক একটি মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্ট এ আদেশ দেয়।
চুক্তিটির কারণে কোনোরকম আর্থিক সহায়তার নিশ্চয়তা ছাড়াই বাংলাদেশের ওপর আইএমএফ এর প্রতিকূল নীতি মেনে চলার বাধ্যবাধকতা আরোপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এর আগে আবেদনকারী সম্ভাব্য এ চুক্তির বিষয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা বন্ধ করতে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টের প্রতি আবেদন জানিয়েছিলেন।
আবেদনকারীদের পক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ খন্দকার রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ প্রস্তাব গ্রহণের জন্য আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের চাপ তৎকালীন বিএনপি প্রশাসন প্রত্যাখান করেছিল।
তবে তিনি বলেন,"তত্ত্বাবধায়ক সরকার আইএমএফ-বিশ্ব ব্যাংকের সুপারিশ আংিশকভাবে গ্রহণ করেছে। এসব সুপারিশের ফলে জ্বালানির দাম বেড়েছে যার প্রতিক্রিয়ায় সব ধরণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।"
আইনজীবী ওয়াদুদ খন্দকার বলেন,"এর ফলে শিল্প উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। আইএমএফ এর সুপারিশেই সরকার সারের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করেছে। কৃষিনির্ভর এ দেশে এটি আত্মহত্যার সামিল।"
খন্দকার আরো বলেন,"সরকার এখন পিএসআই চুক্তি নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা করছে। দেশের অর্থনীতিবিদরা এসব সুপারিশের সমালোচনা করেছেন। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টাও গত ১৪ই সেপ্টেম্বর এ বিষয়টির সমালোচনা করেছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এডি/এফএফ/এসকে/১৪৩৮ঘ.
bdnews24