ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, দেশে যতটুকু সম্পদ ও মেধা আছে তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উন্নয়নশীল এ দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব। কিন্তু অতীতে নানা কারণে তা সম্ভব হয়নি।
সোমবার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের তত্ত্বাবধানে প্রণীত সিজিডিএফ প্রসিডিউর ম্যানুয়াল ২০০৭ এবং অডিট অ্যান্ড একাউন্ট প্র্যাকটিসের হ্যান্ডবুক ২০০৬-২০০৭, ভলিউম ২ (ডিফেন্স ফিন্যান্স) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাকরাইলের অডিট ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বর্তমান সরকার দেশ থেকে আর্থিক অনিয়ম ও দুর্নীতি সম্পূর্ণ দূর করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
তবে তিনি বলেন, একক কোন প্রতিষ্ঠানের পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব না। এ জন্য দুর্নীতি নজরদারী প্রতিষ্ঠানগুলোর সর্বাত্মক সহায়তা প্রয়োজন। প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরভাতা যেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হয় সেজন্য তিনি সিএজির কাছে বিশেষভাবে অনুরোধ জানান।
সিএজি আসিফ আলী, প্রতিরক্ষা সচিব মো. কামরুল হাসান, নৌ ও বিমান বাহিনী প্রধান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান এবং মাহবুবুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেনা প্রধান পৃথক পৃথক ২৮টি অফিস ম্যানুয়ালেরও মোড়ক উন্মোচন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমআরএফ/এমএ/১৩৪৪ঘ
bdnews24