ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলা স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।
এ দুই নেতার পক্ষে দায়ের করা আলাদা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরীর বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
একইসঙ্গে আদালত মামলা দুটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে।
কর ফাঁকির অভিযোগে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গত ৭ আগস্ট মামলা করেন সহকারী আয়কর কর্মকর্ত নিগার সুলতানা।
এছাড়া পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে গত ২৭ আগস্ট একই অভিযোগে মামলা করেন নাশিদ রেজওয়ানা।
ওবায়দুল কাদেরের পক্ষে রিট আবেদনের শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। পঙ্কজ দেবনাথের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইনায়েতুর রহিম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৮৫৬ ঘ.
bdnews24