নওগাঁ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গিদের মদদ দেওয়া, লুটপাট, ভাংচুর ও নির্যাতনের অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বর্তমানে এলডিপি নেতা আলমগীর কবিরসহ ৫৮ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
রানীনগর উপজেলার শরিয়া গ্রামের জাহানারা বেগম বাদি হয়ে রোববার নওগাঁর এক নন্বর ফৌজদারি আদালতে মামলাটি দায়ের করেন।
বিচারক ইউসুফ আলী অভিযোগটি গ্রহণ করে এ বিষয়ে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, আলমগীর কবিরের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে বাংলাভাই নেতৃত্বাধীন জেএমজেবি সদস্যরা ২০০৪ সালের ৩০ এপ্রিল ২ লাখ টাকা চাঁদা চেয়ে বাদির কাছে চিঠি দেয়। টাকা দিতে অস্বীকার করায় আলমগীর কবিরের নির্দেশে জঙ্গিরা ওই বছরের ২০ মে বাদির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। ওই সময় মোট ১৫ লাখ টাকার মালামাল লূট হয় বলে বাদি অভিযোগ করেন।
আসামিরা প্রভাবশালী বলে ভয়ে ওই সময় মামলা করা যায়নি বলে বাদি এজাহারে উল্লেখ করেন।
সাবেক প্রতিমন্ত্রী ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, বাংলা ভাইয়ের সহযোগী শরিয়াতুল্লাহ সিমার, খাবির উদ্দিন ও তার ছেলে হেলাল, আব্দুর রহিম, বিএনপি নেতা কাজামুল হক, ইউপি সদস্য আকবর আলী, ইমদাদুল শেখ, ওছমান আলী, মন্টু ডাক্তার প্রমুখ।
আলমগীর কবিরের বিরুদ্ধে এনিয়ে চারটি মামলা হলো। এর আগে দায়ের করা তিন মামলায়ও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24