লালমনিরহাট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আদিতমারী উপজেলার কিশামত চন্দ্রপুর এলাকায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শনিবার সড়ক অবরোধ করে গ্রামবাসী। ফলে সদর-পাটগ্রাম সড়কে আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদরুল ইসলাম জানান, পাটগ্রাম থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস শনিবার সকাল ৯টার দিকে সুবোধ চন্দ্র রায় (৫৭) নামে এক মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে গ্রামবাসীকে শান্ত করলে আধা ঘণ্টা পর ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহতের বাড়ি কালীগঞ্জ উপজেলার উত্তর গোপালপুর গ্রামে।
একই স্থানে শুক্রবারও বাসচাপায় দুলালী ইয়াসমিন নামে এক গৃহবধূ নিহত হন। দুলারী আদিতমারী উপজেলার নামুরি গ্রামের মমতাজ আলীর মেয়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমএআর/এমআই/১৭০৯ ঘ.
bdnews24