২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুলন্ত মামলা তদন্তে ডিএমপির 'ক্র্যাশ প্রোগ্রাম

পুরানো ও ঝুলন্ত গুরত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত অতি দ্রুত শেষ করতে ঢাকা মহানগর পুলিশ শনিবার থেকে মাসব্যাপী এক বিশেষ 'ক্র্যাশ প্রোগ্রাম' শুরু করছে । ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে রাজধানীর ৩৩টি থানায় দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা বা একেবারেই থমকে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তকাজ এক মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 07:54 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর )-- পুরানো ও ঝুলন্ত গুরত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত অতি দ্রুত শেষ করতে ঢাকা মহানগর পুলিশ শনিবার থেকে মাসব্যাপী এক বিশেষ 'ক্র্যাশ প্রোগ্রাম' শুরু করছে । ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে রাজধানীর ৩৩টি থানায় দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা বা একেবারেই থমকে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তকাজ এক মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহম্মেদ ইতিমধ্যে রাজধানীর সবগুলোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) 'ক্র্যাশ প্রোগ্রাম' সফল করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) জানান, রাজনৈতিক কর্মসূচি নিয়ে পুলিশের ব্যস্ততা আগের চেয়ে অনেক কমেছে। ভিআইপি মামলার তদন্ত নিয়ে কিছুসংখ্যক পুলিশ কর্মকর্তা ব্যস্ত থাকলেও থানা পুলিশের হাতে কাজ এখন আগের চেয়ে অনেক কম। এর আগে মামলা তদন্তে বিলম্বের কারণ হিসেবে পুলিশ কর্মকর্তারা রাজনৈতিক প্রভাব ও কর্মসূচিকে দায়ি করতেন। কিন্তু এখন আর ওইসব বাধা না থাকলেও অনেক মামলা তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। এ কারণেই দীর্ঘদিন থেকে ঝুলে থাকা মামলাগুলোর তদন্ত অতি দ্রুত শেষ করতে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার এবং মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান আব্দুল জলিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিলো। বিশেষ কোন কারণে ওই মামলাগুলোর তদন্তে তেমন কোন অগ্রগতি হয়নি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ঝুলে থাকা এ মামলাগুলো এবার আমরা নিস্পত্তি করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।" বছরের পর বছর ধরে ঝুলে থাকা মামলার তদন্তকাজ মাত্র এক মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে কিনা প্রশ্ন করা হলে আব্দুল জলিল বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতার ঘটনায় দায়ের করা এতগুলো মামলার চার্জশিট যদি মাত্র দুই সপ্তাহের মাথায় দেওয়া সম্ভব হয়, তাহলে এসব মামলার তদন্ত কেন শেষ করা যাবে না?।" নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরীয়া এবং ধানমন্ডি থানার ওসি মনোয়ার হোসেন জানান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য পুলিশ কমিশনারের দপ্তর থেকে ইতিমধ্যে তাদের বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পরই তারা প্রয়োজনীয় কাজ শুরু করেছেন। রাজধানীর থানাগুলোতে ঝুলে থাকা বিভিন্ন চাঞ্চল্যকর মামলার মধ্যে রয়েছে ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর ঘাতকদের গুলিতে আহত হয়ে মারা যাওয়া অধ্যাপক আফতাব আহমেদ হত্যা মামলা, একই বছরের ১৩ অক্টোবর পল্লবীতে ছয়জনকে জবাই করে হত্যা মামলা, ২৫ মে উত্তরায় তিন আদিবাসী তরুণকে জবাই করে হত্যা মামলা, ৭ ফেব্রুয়ারি বাড্ডায় আলাউদ্দীন, রুবেল, তাজুল ইসলামসহ চারজনকে হত্যা মামলা, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন নৌপরিবহন মন্ত্রীর বাসার গৃহকর্মীকে জবাই করে হত্যা মামলা, একই দিনে বারিধারায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সাবেরা বেগম ও তার মেয়ে শারমীন সুলতানা শম্পাকে জবাই করে হত্যা মামলা ইত্যাদি। এছাড়া চলতি বছর ধানমন্ডিতে সেনা কর্মকর্তা দম্পতির ছেলে আরেফিন আলম রুশো এবং কয়েকটি জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) এখন পর্যন্ত আদালতে জমা দিতে পারেনি পুলিশ । এ মামলাগুলোর মধ্যে কোনটির তদন্ত একেবারেই থেমে আছে। আবার কোনটির তদন্ত চলছে শম্বুক গতিতে। বিডিনিউ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এসকে/১৩৪১ঘ.