২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক খুনের 'গুজবে' ডিইপিজেডে ফের সংঘর্ষ-ভাঙচুর

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা শুক্রবারও ব্যাপক ভাংচুর চালিয়েছে। ওই সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শ্রমিকদের অবরোধ ও সংঘর্ষের কারণে নবীনগর-কালিয়াকৈর সড়কে দুপুরের আগ পর্যন্ত প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ইপিজেডের নতুন জোনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের মালিকানাধীন ফেদার লাইট নামের একটি পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যুর 'গুজবে' বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 11:35 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

সাভার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা শুক্রবারও ব্যাপক ভাংচুর চালিয়েছে। ওই সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শ্রমিকদের অবরোধ ও সংঘর্ষের কারণে নবীনগর-কালিয়াকৈর সড়কে দুপুরের আগ পর্যন্ত প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ইপিজেডের নতুন জোনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের মালিকানাধীন ফেদার লাইট নামের একটি পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যুর 'গুজবে' বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। শ্রমিকরা দাবি করছে, মালিকপক্ষের লোকেরাই হেলাল নামের ওই শ্রমিককে খুন করেছে। কিন্তু পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ বলছে, শ্রমিক খুনের ঘটনা স্রেফ গুজব। তবে শুক্রবারও হেলালের কোনো খোঁজ পাওয়া যায়নি। কারখানার শ্রমিক মমিন, কামাল ও শাহিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে হেলালের সঙ্গে কারখানার কর্মকর্তা সুজনের তর্ক হয়। বিকাল ৫টার পর থেকে হেলালের আর সন্ধান না পাওয়ায় শ্রমিকদের সন্দেহ হয় হেলালকে খুন করা হয়েছে। শ্রমিকদের কেউ কেউ কারখানার বাথরুমে হেলালের লাশ দেখেছে এবং কর্তৃপক্ষ লাশটি গুম করে ফেলেছে এমন গুঞ্জনে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। হেলাল জীবিত বলে কর্তৃপক্ষ দাবি করলে শ্রমিকরা শুক্রবার ভোরের মধ্যে হেলালকে হাজির করার আহ্বান জানায়। শুক্রবার সকাল ৭টার দিকে কারখানার তিন হাজার শ্রমিক ইপিজেডের নতুন জোনের প্রধান ফটকে জড়ো হয়ে হেলালকে হাজির করার দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তায় অবরোধ করে এবং নবীনগর-কালিয়াকৈর সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ওই সময় অন্য কারখানার শ্রমিকদেরও ইপিজেডে ঢুকতে বাধা দেয় তারা। এক পর্যায়ে অন্য শ্রমিকরাও যোগ দেয় ফেদার লাইটের শ্রমিকদের সঙ্গে। তখন প্রায় ৫ হাজার শ্রমিক একটি মিছিল নিয়ে পুরনো জোনের দিকে এগিয়ে যায়। মিছিলটি পুরনো জোনে ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাধা দেয়। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা নিরাপত্তা কর্মীদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এরপর শ্রমিকরা অনারওয়ে, লেনী ফ্যাশন, প্যাডাক্স জিন্স, অ্যাক্টরস স্পোর্টিং কারখানা; ইপিজেডের গেটের পাশের ডাচ-বাংলা ব্যাংকসহ বেশ কয়েকটি ভবন এবং রাস্তায় অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেয় তারা। খবর পেয়ে পুলিশের পাশাপাশি যৌথবাহিনী ঘটনাস্থলে যায়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। শ্রমিকরাও পুলিশের দিকে ইট ছুড়তে থাকে। সংঘর্ষে আহত হন শফিকুল, বিলকিস, কামরুল, দেলোয়ার, কামাল, ঝরনা, মিজান, খায়রুল, ইতি, সুফিয়া, অনিলসহ অন্তত ৫০ শ্রমিক। বেলা সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পিছু হটে। শ্রমিকরা এলাকা ছাড়লে ১১টার দিকে ওই সড়কে গাড়ি চলাচল আবার শুরু হয়। বিক্ষোভ ও ভাংচুরের পর অনারওয়ে, লেনী, প্যাডাক্স জিন্স, অ্যাক্টরস স্পোর্টিং ও ফেদারলাইট কারখানা শুক্রবার বন্ধ করে দেওয়া হয়। সাড়ে ১০টার দিকে বেপজা চেয়ারম্যান আশরাফ আব্দুল্লাহ ইউসুফ ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, "খুনের খবরটি গুজব ছাড়া আর কিছু নয়। কোনও একটি অশুভ চক্র গুজব ছড়িয়ে শ্রমিক অসন্তোষ ঘটাতে চাইছে।" তবে নিখোঁজ শ্রমিক হেলালের কোনও খবর তার কাছেও নেই বলে জানান বেপজা চেয়ারম্যান। তিনি বলেন, "তাকে (হেলালকে) খুঁজে বের করার চেষ্টা চলছে।" ফেদারলাইট কারখানার প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল হোসেন সাংবাদিকদের জানান, হেলালের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছে কারাখানা কর্তৃপক্ষ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামও শ্রমিক খুনের ঘটনাটি গুজব বলে উড়িয়ে দেন। তিনি দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি মহল গুজব রটিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।" তিনি জানান, পরিস্থিতি এখন শান্ত। ভাংচুরের ঘটনায় থানায় কোনও মামলা হয়নি জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "কেউ অভিযোগ করলে তখন সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেকে/১৭২৮ ঘ.