ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্যসহ বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের চাকরি সংক্রান্ত আরবী ভাষার কাগজপত্র বিনা খরচে অনুবাদ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার। এর জন্য ঢাকায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রধান কার্যালয়ে একজন অনুবাদক নিয়োগ করা হয়েছে।
ব্যুরোর প্রধান কার্যালয়ের তথ্যকেন্দ্র থেকে আরবী ভাষায় লিখিত কাগজপত্র অনুবাদ করিয়ে নিতে পারবে বিদেশগামী কর্মীরা।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, "বিদেশে চাকরি নিয়ে গমনেচ্ছু অনেক বাংলাদেশী কর্মী বিদেশ থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সরাসরি অথবা আত্মীয়-স্বজনের মাধ্যমে নিয়োগকর্তার কাছ থেকে ভিসা ও চাকরি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে থাকেন। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পাওয়া ভিসা ও চাকরির কাগজপত্র আরবী ভাষায় লিখিত হওয়ায় এর সঠিক অর্থ বুঝতে সক্ষম হন না।"
এ সমস্যা নিরসনে রাজধানীর কাকরাইলে অবস্থিত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর প্রধান কার্যালয়ে আরবী ভাষায় মুদ্রিত কাগজপত্রের সঠিক অনুবাদের জন্য একজন অনুবাদক নিয়োগ করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, চাকরি সংক্রান্ত অন্যসব কাগজপত্রের নির্ভরযোগ্য অনুবাদের জন্য বিদেশগামী কর্মীরা প্রয়োজনে এখন থেকে বিনা খরচে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য কেন্দ্র থেকে তাদের কাগজপত্র অনুবাদ করে নিতে পারবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/২২৪৭ ঘ.
bdnews24