বগুড়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শহরতলীতে শরিফুজ্জামান সিহা (২৫) নামে এক যুবককে জবাইয়ের পর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
বগুড়া নিশিন্দারা ফকির উদ্দীন স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শরিফুজ্জামান সিহার বাবা জাকির হোসেন জানান, তার ছেলে গত মঙ্গলবার প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার ভোরে শহরতলীর পালশা এলাকায় আকতার হোসেনের নির্মাণাধীন বাড়িতে স্থানীয় বাসিন্দারা তার জবাই করা ও অগ্নিদগ্ধ লাশ দেখতে পায়।
পরে বগুড়া সদর থানায় বিষয়টি জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জাকির হোসেন এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ পরিদর্শক গাজী মিজানুর রহমান বলেন, "জবাই করার পর পেট্রোল দিয়ে পুড়িয়ে সিহার চেহারা বিকৃত করার চেষ্টা করা হয়েছে। প্রেম ঘটিত বিষয় থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএআর/জেকে/১৪৪৬ ঘ.
bdnews24