ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সদরুল আমিন ও আরেক শিক্ষক নেতা ড. নিম চন্দ্র ভৌমিকসহ ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। তাদের সম্পত্তি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে।
শাহবাগ থানায় দায়ের করা মামলা দুটির অভিযোগপত্র গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম এস এম ফেরদৌস আহমেদ এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল জব্দের আদেশপ্রাপ্ত অন্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইচ এম কামরুল হাসান কচি, মো. নজরুল ইসলাম রাসেল, আদিব হাসান, হাসান মামুন, সাইফুল ইসলাম ফিরোজ, মো. সামছুল কবির রাহাত, মৃতুল, আনোয়ার, রিফাত হোসেন জিকু, রোকনুজ্জামান তালুকদার বাবু, কামরুজ্জামান, তানজিন চৌধুরী লিলি, শাহিনুর নার্গিস, অপর্ণা পাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত তের মামলার অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশীদসহ মোট ১২জনকে পুলিশ আটক করেছে। ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছিল। শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করা হয় ২টি।
জরুরি বিধিমালায় গত ২৩ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা ৫৩ ও ৫৪ নম্বর মামলায় অভিযোগপত্র দাখিল করেছিলেন উপপরিদর্শক সিরাজুল ইসলাম ও বাবুল হোসেন ভূঁইয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটককৃত শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশীদকে ৫৪ নম্বর মামলায় ও অপর দুই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিম চন্দ্র ভৌমিককে ৫৩ নম্বর মামলায় আসামি করা হয়। গত ৯ সেপ্টেম্বর এ অভিযোগপত্র দুটি দাখিল করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১৬২১ঘ.
bdnews24