চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামি সতকর্তা তুলে নেওয়ার পর চট্টগ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপকূলীয় এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে আশ্রয় কেন্দ্র ছেড়ে ফিরে যায় নিজেদের বাড়িতে। সকাল থেকে বন্দরেও স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজগুলোর জন্য জারি করা বিশেষ সতকর্তা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ছিল স্বাভাবিক।
নগরীর পতেঙ্গা, কাট্টলী, হালিশহরসহ উপকূলের কাছাকাছি থাকা লোকজন সুনামি সতর্কতা প্রত্যাহারের খবর পাওয়ার পর সকালে আশ্রয়কেন্দ্র ও সাইক্লোন সেন্টার ছেড়ে বাড়িতে ফিরে যায়।
একইভাবে দ্বীপ উপজেলা সন্দ্বীপের ৯৬টি আশ্রয় কেন্দ্র থেকেও লোকজন চলে গেছে। স্বস্তি ফিরেছে আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড উপকূলেও।
সন্দ্বীপের বাসিন্দা মহিউদ্দিন শাহজাহান জানান, সুনামির কারণে জোয়ারের পানির উচ্চতা যে হারে বাড়ার কথা বলা হয়েছিল সে রকম কিছু হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/১৬০৮ ঘ.
bdnews24