নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ ও সম্পদের তথ্য গোপন এবং আয়কর ফাঁকির মামলায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমানকে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৭ লাখ ১৮ হাজার ১৩৬ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
শামীম ওসমানের অনুপস্থিতিতেই বুধবার নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালত এ রায় দেয়। নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় এর আগে দুর্নীতি দমন কমিশনের অপর একটি মামলায় আওয়ামী লীগের এ নেতার তিন বছর সাজা হয়।
বুধবার দেওয়া রায়ে আদালত অর্থ সম্পদ ও তথ্য গোপনের অপরাধে তিন বছর ও আয়কর ফাঁকি দেওয়ার দায়ে শামীম ওসমানকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয়। তবে দুই সাজা এক সঙ্গে কার্যকরের নির্দেশ থাকায় তাকে এ মামলায় পাঁচ বছরই সাজা ভোগ করতে হবে।
দুপুরে নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালতের বিচারক আবদুল কুদ্দুস মিয়া মামলার রায় দেন।
রায়ে ৭৫ লাখ ২২ হাজার ২৯৭ টাকার অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন বিচারক।
আদালত বলেছে, "যেহেতু আসামি পলাতক, তাই যখনই আসামি আত্মসমর্পণ করবে অথবা তাকে গ্রেপ্তার করা হবে সেদিন থেকে রায় কার্যকর হবে।"
গত ৮ আগস্ট ৭৫ লাখ ২২ হাজার টাকার অর্জিত সম্পদের তথ্য গোপন এবং ওই সম্পদের ১৪ লাখ ৪৫ হাজার টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ আয়কর সার্কেল-২ এর সহকারী কমিশনার মিহির লাল সরকার।
শামীম ওসমানের অনুপস্থিতিতেই আদালতে মামলার বিচারকাজ শেষ হয়। গত ৩ সেপ্টেম্বর এই মামলার যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করে।
আসামিপক্ষে কোনও আইনজীবী না থাকায় এ মামলায় একতরফা শুনানি হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩১৭ ঘ.
bdnews24