বগুড়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরপুর উপজেলার রাজাপুর নামক স্থানে একটি ট্রাক উল্টে ১০ জন নিহত হয়েছে।
বুধবার ভোর ৫টায় রাজাপুরে ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে যায়। ট্রাকের আরোহীরা গাজীপুরের কাপাসিয়া ও রাজেন্দ্রপুর থেকে বগুড়ার মোকামতলায় কলা কেনার জন্য যাচ্ছিল।
দুর্ঘটনায় নিহতরা হচ্ছে আব্দুল (৩৬), মনির হোসেন (৪০), নবাব আলী (৩৫), ছুনু মিয়া (৩৮), শহীদ (৩৯), আকরাম (৩৭), সোলেমান (৩৬)। অপর তিন জনের পরিচয় জানা যায়নি।
জাহাঙ্গীর হোসেন নামে এক আহতকে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর শেরপুর থানা নির্বাহী অফিসার জাকির হোসেন ও সাব-ইন্সপেক্টর লুৎফর রহমান ঘটনাস্থলে যান। তারা ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১২১৬ ঘ.
bdnews24