কুমিল্লা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা কারাগারে বন্দি সিলেট নগরীর মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান কারা কর্তৃপক্ষের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব দিয়েছেন।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা এ হিসাবে স্থাবর ও অস্থাবর মিলে প্রায় সোয়া দুই কোটি টাকার সম্পদ দেখানো হয়েছে। এর মধ্যে স্ত্রীর নামেই ৭টি ব্যাংক হিসাবে সোয়া কোটি আছে বলে বিবরণীতে জানানো হয়ছে। কারা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
হিসাব বিবরণী দাখিল করার বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
বিবরণীতে ১৫ লাখ ৪ হাজার ৪৫০ টাকার স্থাবর এবং এক কোটি ৯৪ লাখ ২ হাজার ৭৬৪ টাকার অস্থাবর সম্পদ দেখানো হয়েছে।
কারা সূত্র জানায়, অস্থাবর সম্পত্তির মধ্যে কামরান ও তার পরিবারের সদস্যদের ২৫ টি ব্যাংক হিসাব দেখানো হয়েছে। এর মধ্যে কামরানের নামে রয়েছে ১০টি, তার স্ত্রী আসমা কামরানের নামে ৭টি, মেয়ে ফাতেমা ইয়াসমীন আশার নামে ২টি, বড় ছেলে আরমান আহমেদ শিবলুর নামে ৪টি, পুত্রবধু শাহানা বেগমের নামে ১টি এবং ছোট ছেলে আদনান আহমেদের নামে ১টি হিসাব রয়েছে।
সিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি কামরান ও তার স্ত্রীর দুটি ব্যাংক হিসাবে কোনো টাকা নেই বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
মেয়র কামরানের ১০টি হিসাবে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৩ টাকা, স্ত্রীর ৭টিতে ১ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ৫৫৫ টাকা, বড় ছেলের ৪টিতে ১৭ হাজার ৬৫৫ টাকা, ছোট ছেলের ১টিতে ৫৮ হাজার ৭৬ টাকা এবং পুত্রবধুর একটি রয়েছে ৭১৩ টাকা।
এছাড়া বাড়ির আসবাবপত্রের দাম দেখানো হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮০০টাকা।
এই ২৫টি হিসাব রয়েছে সিলেটের সোনালী, জনতা, স্ট্যান্ডার্ড চার্টার্ড, পূবালী, ফার্স্ট সিকিউরিটি, ট্রাস্ট, এনবিএল ও প্রাইম ব্যাংক এবং সঞ্চয় ব্যুরো ও ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের কয়েকটি শাখায়।
হিসাব বিবরণীতে কামরানের ২ লাখ টাকা ঋণ দেখানো হয়েছে। এ ঋণ নেওয়া হয়েছে মামলা পরিচালনার জন্য। এর মধ্যে ফিলিপাইন প্রবাসী মেয়রের ভাই এনাম দিয়েছেন ১ লাখ টাকা এবং পুত্রবধুর প্রবাসী ভাই দিয়েছেন ১ লাখ টাকা। এর মধ্যে মামলা বাবদ ৬০ হাজার টাকা খরচ হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএইচবি/০০৫১ ঘ.
bdnews24