ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর, জামালপুর ও ভোলায় মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর: রংপুর সেনানিবাসের কাছে ঢাকা থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহী বাসের নীচে চাপা পড়ে দুই বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এদের একজনের নাম পুষ্পরঞ্জন (৫৫)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে রংপুর সেনানিবাসের সামনের রাস্তায় সাইকেলে করে পুস্পরজ্ঞন এবং পাঁয়ে হেটে অজ্ঞাত পরিচয় অপর বৃদ্ধ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুরগামী নাবিল পরিবহণের একটি বাস ওই দুই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাস ও চালককে আটক করতে পারেনি পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, "বাসের নম্বর সংগ্রহ করে আটক করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে ।
জামালপুর: মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশিগঞ্জ-রাজিবপুর সড়কের ধানুয়ায় একটি দ্রুতগামী ট্রাকের নীচে চাপা পড়ে সাধু মিয়া (৪৫) নামের একজন পথচারী নিহত হয়েছেন।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুস্তম আলী জানান, বকশিগঞ্জ থেকে রাজিবপুরগামী একটি ট্রাক সাধু মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন ট্রাকের চালক হোসেন ও হেলপার রুবেলকে ট্রাকসহ আটক করে পুলিশে সোর্পদ করেছে।
ভোলা: ভোলায় একটি বাসের ধাক্কায় জাফর ইকবাল নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হন। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ লোকজন ভোলা হাসপাতালে ভাঙচুর করেছে। পুলিশ একজনকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন জানান, ভোলা চৌমুহনী মাদ্রাসার শিক্ষক জাফর ইকবাল সকাল ১০টায় মোটর সাইকেলে মাদ্রাসা থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। শহরের ভেলুমিয়া এলাকার কাছে বিশ্ব রোডে মালিক সমিতির একটা বাস পেছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
গুরুতর আহত জাফরকে পথচারীরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, দুপুরে মালিক সমিতির কর্মচারী মীর জুবায়ের হাসপাতালে এলে নিহতের আত্মীয় স্বজন তাকে বাসের লোক মনে করে মারধর করে। আত্মরক্ষার্থে জুবায়ের ডা. মিজানুর রহমানের কক্ষে আশ্রয় নেন। এ সময় সেখানে ঢুকে লোকজন ভাঙচুর করে।
পুলিশ বাধা দিলে কনস্টেবল এস নূর হোসেন ও জাফরের আত্মীয় জিয়াউর রহমান আহত হন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ ও নৌ-বাহিনী সদস্যরা অবস্থান নেয়। পুলিশ জিয়াউর রহমানকে আটক করেছে।
নিহত জাফরের চাচাতো ভাই এমরান জানান, ডা. মিজান বাস মালিক সমিতির পক্ষ নিয়ে বাজে মন্তব্য করলে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়।
বিকেলে ভোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২৩১৫ ঘ.
bdnews24